উড়ন্ত বিমানে দুরন্ত ছিনতাই চেষ্টা

উড়ন্ত বিমানে দুরন্ত ছিনতাই চেষ্টা।

বিমান ও বিমানবন্দরের নিরাপত্তা সারাবিশ্বে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাহন হিসেবে বিমান সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়, যদি সেই বিমানের রক্ষণাবেক্ষণ নিয়মিত হয়। অনেকে মনে করেন, পুরনো বিমানের চেয়ে নতুন বিমান ভালো। কথাটা ঠিক নয়; কারণ পুরনো বিমানের নিয়মিত রক্ষণাবেক্ষণ হলে সে সবসময় নতুনই থাকে। যুক্তরাষ্ট্রে ৩৫-৪০ বছরের পুরনো বিমান এখনও চলে। বিমানের নিরাপত্তার জন্য আর দুটি জিনিস বড়ই প্রয়োজন তা হলো, দক্ষ চালক আর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের সব চালকই বিশ্বমানের, তা মানতে হবে। অন্যদিকে যারা যাত্রী হিসেবে বিমানে চড়বেন, তাদের কেউ যেন অন্য যাত্রীদের জন্য হুমকি হয়ে না দাঁড়ান, সেদিকে লক্ষ্য রাখতে হবে। একজন যাত্রী বিমানের ভেতর মদ্যপ হয়ে গেলে অন্য যাত্রীদের বিপদের কারণ হয়ে যেতে পারে। বিমানের ভেতর মদ্যপ হওয়া খুব সহজ; কারণ বিমানের অভ্যন্তরে মদ বিনা পয়সায় পাওয়া যায়। বিজনেস ক্লাস বা প্রথম শ্রেণির যাত্রী হলে হুইস্কি, ভোদকা, কনিয়েক ইত্যাদি কড়া অ্যালকোহলসমৃদ্ধ সুরা বেশুমার পাওয়া যায়, যাকে বলে হার্ড ড্রিংকস। ইকোনমি ক্লাসের যাত্রীদের বিয়ার আর ওয়াইনে সন্তুষ্ট থাকতে হয়। ২০০৪ সালে দুবাই বিমানবন্দরে দেখি, সরকারের একজন মন্ত্রী এতই মদ গিলেছেন, তাকে কাঁধে করে বিমান থেকে নামাতে হয়েছিল। বিনা পয়সায় পেলে বাঙালি আলকাতরাও খায় বলে একটা প্রবাদ আছে। অন্যদিকে কোনো যাত্রীর যদি কুমতলব থাকে, তাহলে সে চেষ্টা করে কোনোমতে একটি অস্ত্র জাতীয় কিছু বিমানের অভ্যন্তরে চোরাপথে নিয়ে গিয়ে উড়ন্ত বিমানে তা বের করে সব যাত্রীকে জিম্মি করে তার উদ্দেশ্য হাসিল করা। এর নাম বিমান হাইজ্যাক, উড়ন্ত বিমানে দুরন্ত ডাকাতি আর কি। সম্প্রতি বাংলাদেশে তেমন একটি ঘটনায় দেশে তো বটেই, বিদেশেও তোলপাড় চলছে। কারণ যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের পর সারাবিশ্বে সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার নামে কয়েক স্তরের ভ্রমণ নিরাপত্তাবলয় সৃষ্টি করা হয়েছে, যা আগে কোনো নিয়মিত যাত্রী কল্পনাও করতে পারতেন না। দীর্ঘ চার যুগেরও বেশি সময় ধরে বিমানযাত্রার দু-একটি উদাহরণ দেই।

১৯৭৮ সালের কথা। যুক্তরাষ্ট্র থেকে হংকং হয়ে দেশে ফিরছি। হংকংয়ে এক রাতের যাত্রাবিরতি। সকালে বিমান ছাড়বে। বিমানের খরচে হোটেলে থাকার ব্যবস্থা। হাতে একটি ছোট ব্যাগ ও একটি পোর্টেবেল টাইপরাইটার। নিরাপত্তা কাউন্টারে আসতেই একজন নিরাপত্তা কর্মী টাইপরাইটারটাকে একটি কাঠের বাক্সে রাখতে বললে দেখা গেল, সেটি তাতে ঢুকছে না। তা সত্ত্বেও এটি হাতে করে নেওয়া যাবে না। চেক-ইন করে দিতে হবে। তার জন্য আর একটি ব্যাগ কিনতে হলো, তারপর চেক-ইন। হংকংয়ের নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে আরও কঠোর করা হয়েছে।

বিশ্বের অনেক বিমানবন্দরে নিজের ব্যবহার্য ওষুধ ছাড়া আর কিছু হাতব্যাগে নিতে দেওয়া হয় না। যুক্তরাষ্ট্রে অনেক দেশের যাত্রীদের ল্যাপটপ ও আইপ্যাডও নিতে দেওয়া হয় না। কোমরের বেল্ট, জুতা, টুপি, হাতঘড়ি, পয়সা, সবকিছুই স্ক্যানারে দিয়ে দিতে হয়। ঢুকতে হয় একটি গ্লাসের খাঁচায়। এটি একটি এক্স-রে যন্ত্র। যাত্রীর শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ স্ট্ক্রিনের পেছনে বসে দেখছেন। নারীদের জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি। প্রথম দিকে কিছু নারী সংগঠন আপত্তি তুলেছিল। টেকেনি। কোনো ধরনের তরল সুগন্ধি একশ’ গ্রাম পর্যন্ত নেওয়া যেতে পারে। স্প্রে জাতীয় জিনিস একেবারেই না। একবার যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে দেখি, একজন যাত্রীকে পর্দাঘেরা ঘরে নিয়ে তার প্যান্ট পর্যন্ত খুলে চেক করা হলো। পর্দার বাইরে থেকে তা দেখা যাচ্ছিল। ২০১৭ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী শহিদ আব্বাসিকে জামা খুলতে হয়েছিল। ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামকে জুতার বেল্ট খুলতে হয়েছিল। এসবের পরও নিরাপত্তা কর্মকর্তা সন্তুষ্ট না হলে ডাক পড়বে পেছনের ঘরে। অদ্ভুত সব প্রশ্ন। তোমার নামের আগে-পিছে আর কোনো নাম নেই? তোমার বউকে কোথায় রেখে এসেছ? পাসপোর্টে তোমার চুলের রঙ সাদা-কালো লেখা আছে। তা কি সত্যি। একবার নিউইয়র্ক জে এফ কে বিমানবন্দরে যখন আমার সওয়াল-জবাব চলছিল, তখন বাংলাদেশ থেকে আমার পাশের জন বেশ জোরে জোরে দোয়া পড়ছিলেন। একবার ফ্রাঙ্কফোর্ট বিমানবন্দরে দেখি আমাদের নিরাপত্তা লাইন সরছে না। সামনে বেশ উত্তেজনা মনে হলো। দেখি একজন জার্মান পুলিশ বিরাট এক কালো কুকুর নিয়ে আমার পাশে হাজির। একটু ঘাবড়ে তো গিয়েছিলাম। বিকৃত ইংরেজিতে জার্মান পুলিশ জানতে চাইল, আমি ইন্ডিয়ান কি-না। বলি ‘না’। তারপরের প্রশ্ন, ইন্ডিয়ান ভাষা বুঝি কি-না? বলি, ইন্ডিয়ান ভাষা বলে কোনো ভাষা নেই। আর কোনো প্রশ্ন না করে বলল তার সঙ্গে যেতে। আমার পেছনে সেই ভয়ঙ্কর কুকুর। তার পেছনে সেই পুলিশ। পাঁচ মিনিট হাঁটার পর দেখি এক ভারতীয় বয়স্ক নারীর সঙ্গে নিরাপত্তা অফিসারের তুমুল কথা কাটাকাটি হচ্ছে। পেছনের পুলিশ বলে নারীকে জিজ্ঞেস করতে, তিনি জার্মানি কেন এসেছেন। আমি আমার ভেজাল হিন্দিতে বলি, সমস্যা কী? নারী এতক্ষণে বলেন, তিনি অনেকক্ষণ ধরে ওই অফিসারকে বলার চেষ্টা করছেন, তিনি তার ছেলের কাছে কয়েক মাস কাটিয়ে দিল্লি ফেরত যাচ্ছেন। সমস্যা হচ্ছে, জার্মান অফিসার তো পাঞ্জাবি বোঝেন না। নারীর সোজা প্রশ্ন- সে যদি পাঞ্জাবি না বোঝে, তা হলে তিনি কেন তার ভাষা বুঝবেন। যুক্তিসঙ্গত কথা। কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশন বা নিরাপত্তা কর্মকর্তাদের কাছে মাঝেমধ্যে যুক্তি অর্থহীন।

এবার একটু বাংলাদেশের কথায় ফিরে আসি। সত্যিকার অর্থে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর। চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বলা হলেও সেখানে সীমিত আকারে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করে, যার বেশিরভাগই বাংলাদেশ বিমান। হযরত শাহজালাল বর্তমানে ধারণক্ষমতার চেয়ে বেশি ট্রাফিক হ্যান্ডেল করে। মনে হয়, কলকাতার চেয়েও বেশি। শাহজালালের পূর্বসূরি ছিল প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে তেজগাঁও বিমানবন্দর, যা বর্তমানে ভিআইপি হেলিকপ্টার ও বিমানবাহিনীর যুদ্ধবিমান ওঠানামা করার জন্য ব্যবহার করা হয়। আন্তর্জাতিক হোক বা অভ্যন্তরীণ- বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিমানবন্দরের নিরাপত্তা হতে হয় নিশ্ছিদ্র। শাহজালালের নিরাপত্তা আগের তুলনায় বর্তমানে কিছুটা উন্নত হয়েছে বলে মনে করা হয়। তারপরও বলতে হয়, তা যথেষ্ট নয়। কারণ তা যদি হতো গত ২৪ ফেব্রুয়ারি রাতে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটকে পলাশ নামের এক উন্মাদ পিস্তল নিয়ে ছিনতাই করার চেষ্টা করত না। প্রথম কথা হচ্ছে, পিস্তল খেলনা হোক বা আসল কোনোটাই বিমানবন্দরে নিয়ে ঢোকার কথা নয়। তার জন্য প্রয়োজন নিরাপত্তা অথবা বিমানবন্দরের দায়িত্বে থাকা কারও না কারও সহায়তা। বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা বিঘ্নিত হওয়া অনেক কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে, তথাকথিত ভিআইপিদের সঙ্গে বড় ভাইদের জোরপূর্বক বিমানবন্দরে প্রবেশ। গত ২৩ ফেব্রুযারি সিলেট ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসে আছি। সঙ্গে একজন বিদেশি কূটনীতিক। হঠাৎ ভিআইপি লাইঞ্জের প্রবেশপথে শোরগোল। উঠে গিয়ে দেখি, একজন লাল টি-শার্ট পরা বড় ভাই জোরপূবর্ক ভিআইপি লাউঞ্জে ঢোকার চেষ্টা করছে। নিরাপত্তা কর্মী তাকে ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করছে; কিন্তু পারছে না। তার পরিচয় জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে সেই নিরাপত্তা কর্মীর সঙ্গে চরম দুর্ব্যবহার শুরু করল এবং চাকরি খেয়ে ফেলার হুমকিও দিল। কিছুক্ষণ পর একজন সিনিয়র কর্মকর্তা এলে তার সঙ্গে সেই বড় ভাই একই ব্যবহার করা শুরু করল। এর মধ্যে ভিআইপি লাউঞ্জে আরও কয়েকজন বড় ভাই ঢুকে পড়েছে। নিরাপত্তা কর্মকর্তা অসহায়ভাবে নীরবে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করতে পারলেন না।

অন্য আরেকটি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসে আছি ঢাকার ফ্লাইটের জন্য। এর মধ্যে একজন উঠতি রাজনৈতিক নেতা ঢুকলেন, সঙ্গে ডজনখানেক বড় ভাই। এমনটি চললে কীভাবে বিমানবন্দর বা বিমানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? শাহজালাল বিমানবন্দরে কিছু আন্তর্জাতিক যাত্রী নামিয়ে দিয়ে স্থানীয় কিছু যাত্রী নিয়ে সিলেট বা চট্টগ্রামের উদ্দেশে বিমান ছাড়ার মতো কর্মকাণ্ড কখনও উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। শুরু করতে হবে যাত্রী নয়, এমন বড় ভাইদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন, মনে হয় তারা দীর্ঘ সময় ধরে একই স্থানে কাজ করেন। এটাও নিরাপত্তাকে বিঘ্নিত করে। বিশেষ করে যারা স্ক্যানার মেশিনের মনিটরের দিকে থাকিয়ে থাকেন, তাদের দৃষ্টি একসময় ক্লান্ত হয়ে পড়ে, যাকে বলে ফ্যাটিগ। এদের নিয়মিত বিরতি দিয়ে স্থান পরিবর্তন করা প্রয়োজন। অনেকে নির্বোধের মতো প্রশ্ন করেন, পলাশকে কেন হত্যা করা হলো? এটি মনে রাখতে হবে, ওইদিনের উদ্ধার পর্বেও ছিল নৌ আর সেনাবাহিনীর প্যারা কমান্ডো, পুলিশ নয়, সেই প্রশিক্ষণও পুলিশের নেই। কমান্ডোরা উদ্ধার অভিযানে সাধারণত কাউকে বন্দি করে না। তাদের কাজ হচ্ছে জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রথমেই জিম্মিকারকে (হাইজ্যাকার) হত্যা করা। বিশ্বে বিমান ছিনতাইয়ের ইতিহাস ঘাঁটলে জানা যাবে, অনেক বড় বড় অভিযানে কমান্ডোরা ১০-১২ জন পর্যন্ত জিম্মিকারকে হত্যা করেছে। এ ব্যাপারে এ পর্যন্ত সর্বাধিক পারদর্শিতা দেখিয়েছে জার্মানি ও ইসরায়েলের কমান্ডোরা। ২৪ ফেব্রুয়ারির ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এটিকে পুনরুদ্ধার করতে হলে সব বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শুরুটা হতে পারে বিমানবন্দরে অননুমোদিত বড় ভাইদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার মধ্য দিয়ে। পিস্তলটা খেলনা ছিল নাকি আসল, তা বড় প্রশ্ন নয়। পিস্তলসদৃশ কোনো কিছুরই নিরাপত্তা বেষ্টনী ভেদ করা উচিত নয়। যে কোনো মূল্যে উড়ন্ত বিমানে দুরন্ত ডাকাতির সব চেষ্টা বন্ধ করতে হবে।

 

Comments (0)
Add Comment