ছিনতাই কবলে পড়া সেই বিমানের পাইলটদের প্রশংসাপত্র পাঠিয়েছে ইফালপা

ছিনতাই কবলে পড়া সেই বিমানের পাইলটদের প্রশংসাপত্র পাঠিয়েছে ইফালপা।

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-চট্টগ্রাম-দুবাইগামী ছিনতাই চেষ্টার উড়োজাহাজে দায়িত্বরত পাইলটদের প্রশংসাপত্র পাঠিয়েছে পাইলটদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন্স পাইলট (ইফালপা)।

ইফালপা’র সভাপতি ক্যাপ্টেন রন আবেল সাক্ষরিত প্রশংসাপত্রে ওই উড়োজাহাজের ক্যাপ্টেন গোলাম শাফি এবং ফার্স্ট অফিসার মুনতাসির মাহবুব-এর ছিনতাই প্রতিহতের বীরত্ব ও সাহসিকতার ভূয়সী প্রসংশা করে অভিনন্দন জানিয়েছেন।

প্রশংসাপত্রে রন আবেল পাইলটদের পেশাদারিত্ব, বুদ্ধিমত্তা এবং তাদের ইতিবাচক আচরণের প্রশংসা করেন; যা বিমানের সকল ক্রুসহ বিশ্বব্যাপি সকল সহকর্মীদের অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন।

তিনি আরো উল্লেখ করেন, এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দক্ষতার সাথে সফলভাবে সম্পন্ন করাটি ভবিষ্যতে বিশ্বের সকল পাইলটের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রয়ারি বিমান বাংলাদেশ এয়ার লাইনসের একটি বিমান ১৪৮ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ডুবাই যাওয়ার পথে ছিনতাইয়ের কবলে পড়ে। ছিনতাই চেষ্টাকারী আসামি পলাশ আহমেদ সেনা অভিযানে ওই দিনই নিহত হন। ওই ঘটনার পর বিমানের দুই যাত্রী সাংবাদিকদের বলেছিলেন, ছিনতাইকারী গুলি ছুড়েছিল।।

Comments (0)
Add Comment