আগামী ১৮ মে থেকে ইতালিতে বার, রেস্টুরেন্ট, সেলুন ছাড়া অন্যান্য সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী রোমসহ ইতালির অনেক শহর। দেশটিতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত। ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত এক লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ইতালিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমায় সরকার বিধিনিষেধ শিথিল করছে। মহামারির কারণে দেশটির সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় ১৮ মে থেকে বার, রেস্টুরেন্ট, সেলুন ছাড়া অন্যান্য সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী রোমসহ ইতালির অনেক শহর।
তবে রোববার বেলা ৩টার মধ্যে সব প্রতিষ্ঠান বন্ধ করার বাধ্যবাধকতা রয়েছে। ব্যবসায়ীদের সংগঠন, সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করে বলছে, শুধু রোববারই পুরো সপ্তাহের বেশির ভাগ বেচাকেনা হয়ে থাকে। তারা বার, রেস্টুরেন্ট ও সেলুন বন্ধ রাখার সিদ্ধান্তেরও প্রতিবাদ জানিয়েছে।
এ সিদ্ধান্তের কারণে বার রেস্টুরেন্টে কাজের কোনো সুযোগ সৃষ্টি হয়নি। এতে অর্থ সংকটে কর্মরত প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য শ্রমিকদের মাঝে হতাশা দেখা দিয়েছে।
একজন বলেন, এখন সব মানুষ বের হওয়ার কারণে যদি আবারও আক্রান্ত দেখা দেয় তাহলে নতুন করে আবারও লকডাউন আসতে পারে।
দেশটির প্রতিটি বিভাগের আলাদা আলাদাভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকার কারণে সব জায়গায় একই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাচ্ছে না।
এদিকে বাসায় বাসায় গিয়ে অনেক সেলুনের কর্মচারী চুল কেটে দিচ্ছেন। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।