করোনার ভ্যাকসিন তৈরিতে আরও অর্থ সাহায্য প্রয়োজন : ডব্লিউএইচও
পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি হচ্ছে করোনার ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গবেষণায় গতি বাড়াতে তহবিল তৈরির কথা জানিয়েছে।
দ্রুত করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য অর্থ সাহায্য চাইলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার এক সাংবাদিক বৈঠকে সংস্থার প্রধান জানিয়েছেন, গোটা পৃথিবীতেই ভ্যাকসিন তৈরির গবেষণা চলছে।
শতাধিক সংস্থা এই কাজে নিযুক্ত। তবে সাত-আটটি সংস্থা তাদের কাজে অনেকটাই এগিয়ে গিয়েছে। আরও দ্রুত এবং সহজে যাতে তারা ভ্যাকসিন তৈরি করে ফেলতে পারে, তার জন্য অর্থ সাহায্য দরকার। অন্য দিকে এ দিনই অ্যামেরিকায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, সকলেই করোনা টেস্ট করতে পারবেন।
যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-সহ পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরির গবেষণা চলছে। চীন এবং অ্যামেরিকার দুইটি সংস্থাও এর মধ্যেই প্রাথমিক পরীক্ষায় সাফল্য পেয়েছে। যদিও সকলেই জানিয়েছে, এই বছরের শেষের আগে ভ্যাকসিন বাজারে ছাড়া সম্ভব নয়।
সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেছেন, গত সপ্তাহে ভ্যাকসিন তৈরির জন্য তহবিল তৈরির কথা জানানো হয়েছিল। প্রায় ৪০টি দেশের সহায়তায় আট বিলিয়ন মার্কিন ডলারের একটি ফান্ড তৈরি হয়েছে। কিন্তু আরও অর্থের প্রয়োজন। সে কারণেই সকলের কাছে আবেদন জানানো হচ্ছে।
সূত্র: ডয়চে ভেলে