করোনাভাইরাস মহামারি মোকাবেলায় প্রস্তাবিত বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেছেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমানে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় সাড়ে ৫ হাজার কোটি টাকার বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া আগামী অর্থবছরে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় যেকোনো জরুরি চাহিদা মেটানোর জন্য ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া অর্থমন্ত্রী স্বাস্থ্য-শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি খাতের গবেষণার উন্নয়নে ১০০ কোটি টাকার একটি ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’ গঠন করার প্রস্তাব করেছেন।
অর্থমন্ত্রী জানান, গবেষণা তহবিল দক্ষ ও কার্যকরভাবে পরিচালনার জন্য স্বাস্থ্য খাতে অভিজ্ঞ গবেষক, পুষ্টিবিজ্ঞানী, জনস্বাস্থ্য ও সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, পরিবেশবিদ ও সুশীল সমাজ ও অন্যান্য প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করা হবে।