কর্মীরাই কিনতে চান এয়ার ইন্ডিয়া

এভিয়েশন নিউজ ডেস্ক:

এয়ার ইন্ডিয়ার (এআই) মালিকানা নিজেদের হাতে তুলে নিতে চাইছেন সংস্থাটির কর্মীরাই।
এআইকে কিনতে ইচ্ছাপত্র জমা দেবেন কর্মীরা। নিয়ম অনুযায়ী, কর্মীরা সংস্থার দায়িত্ব নিতে চাইলে, ন্যূনতম ২০০ জনকে নিয়ে কনসর্টিয়াম বা গোষ্ঠী গড়তে হয়। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার কর্মীদের গোষ্ঠী তৈরি হয়েছে। শীঘ্রই ইচ্ছাপত্র জমা দেবেন তাঁরা। ১৪ ডিসেম্বরের আগেই ইচ্ছাপত্র জমা দেবেন তাঁরা।

কিন্তু টাকা আসবে কোথা থেকে? জানা গেছে, এক বিনিয়োগকারী সঙ্গে কথা হয়েছে। কনসর্টিয়ামের দেওয়া ইচ্ছাপত্র মঞ্জুর হলে, সংস্থা পরিচালনার ভার তাদের হাতে দেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ নেয়া শুরু হবে। উচ্চপদস্থ কর্তারা ছাড়াও পর্ষদে বিনিয়োগকারীদের প্রতিনিধিও থাকবেন।

তবে প্রশ্ন উঠেছে, এতদিন ধরে যে কর্মীরা সংস্থাকে বাণিজ্যিক ভাবে সফল করে তুলতে পারেননি, তাঁরা কেন পুরো দায়িত্ব নিতে চান? বিশেষত সারা বিশ্বে যখন ফ্লাইট ব্যবসা সঙ্কটে। বিশেষজ্ঞেরা বলছেন, ব্যবসা টিকিয়ে রাখতে পরিষেবার মান বদলে না-ফেললে এগোনো যাবে না।

সূত্রের অবশ্য দাবি, প্রথমত, এখন দৈনন্দিন পরিচালনায় কেন্দ্রের হস্তক্ষেপ থাকে। তা সরলে বাণিজ্যিক সাফল্য আসা সময়ের অপেক্ষা। দ্বিতীয়ত, সংস্থায় অভিজ্ঞ ও পারদর্শী কর্মীর অভাব নেই। সুযোগ এবং স্বাধীনতা পেলে তাঁরাই এনে দিতে পারবেন বাণিজ্যিক সাফল্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.