বাংলাদেশ ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ৫জি চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আর সারা দেশ এ বছরেই ৪জি নেটওয়ার্কের কাভারেজে যাচ্ছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) চতুর্থ শিল্প বিপ্লব: বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ২৩ সালে আসছে তৃতীয় সাবমেরিন ক্যাবল। ২১ সালেই হাওড়-বিল-চর পার্বত্য অঞ্চল ক্যাবল/স্যাটেলাইট সংযোগের আওতায় চলে আসবে। চতুর্থ শিল্প বিপ্লব অথবা তার পরের সময়ের জন্য ডিজিটাল সংযুক্তির জন্য যতটুকু প্রস্তুতির দরকার আমরা তা শেষ করেছি, এক্ষেত্রে যে সব ত্রুটি আছে তা চলতি বছরের মধ্যে দূর হয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা।
আমাদের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি কেবল চতুর্থ শিল্প বিপ্লবেই সীমিত নয় মন্তব্য করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ৭৩ সালে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স ইউনিয়ন ও ইউপিইউর সদস্যপদ অর্জন এবং ৭৫ এর ১৪ জুন বেতবুনিয়ায় উপগ্রহ ভূ-কেন্দ্র প্রতিষ্ঠার মধ্যদিয়ে জাতির পিতা ডিজিটালাইজেশনের বীজ বপণ করে গেছেন।
