কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রবল ঝড়-বৃষ্টিতে আশেপাশের এলাকার সাথে সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে এ জরুরি অবস্থা জারি করা হয়।
ওই রাজ্যের বিভিন্ন এলাকায় রোববার রাত থেকে ঝড়ে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কানাডার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ঝড়, বৃষ্টি ও ভূমি ধসে ১ নারীর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ ২ জনের সন্ধান এখনও মেলেনি।
খবরে বলা হয়, ওয়াশিংটন সফরে থাকা দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিপদগ্রস্তদের সহায়তায় পাশে থাকার অঙ্গীকার করেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।
মটর চালক ক্যাথি রিনি সিবিসি নিউজকে জানান, তিনি লিলোয়েটের দক্ষিণে স্থবির হয়ে থাকা যানবাহনের উপর ভূমি ধস হতে দেখেছেন। তিনি বলেন, আমাদের ফিরে যাওয়ারও উপায় ছিল না। আমাদের সামনে মানুষজন শুধু দৌড়াচ্ছিল আর চিৎকার করছিল। তাদের চেহারা দেখে মনে হচ্ছিলো সুনামি এসে গেছে। এমন ভয়াবহ পরিস্থিতি আমি জীবনেও দেখিনি।
প্রাদেশিক পরিবহণ মন্ত্রী রব ফ্লেমিং সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন, একশো বছরে এটি সবচেয়ে খারাপ আবহাওয়া। সেখানেই পাবলিক সেফটি বিষয়ক মন্ত্রী বলেন, সন্দেহ নেই এমন আবহাওয়া জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত।
ব্রিটিশ কলম্বিয়ার রাজ্যের প্রধান জন হরগান সংবাদ সম্মেলনে বলেন, বুধবার রাত ১২ থেকে জরুরি অবস্থা কার্যকর হওয়ার পর ভ্রমণে বিধিনিষেধ থাকবে যাতে বন্যাক্রান্ত এলাকার সড়কগুলোর ব্যবহার বন্ধ রাখা যায়। এছাড়া দ্রুত জরুরি পণ্য সামগ্রী ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া যায়। তিনি এ দুর্যোগের পেছনে মানবসৃষ্ট কারণ বিশেষ করে জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।