জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ থেকে আরও বেশি সহায়তা চেয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ চাহিদা পূরণে বাংলাদেশ আরও অধিক পরিমাণ শান্তিরক্ষী সরবরাহ করবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।
জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (১ মার্চ) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় মহাসচিব শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
বৃহস্পতিবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
এতে জানানো হয়, জাতিসংঘের মহাসচিব ও পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট ও এর সম্ভাব্য উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের এসব নাগরিকদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন ও সব রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে প্রত্যাবাসনে জাতিসংঘের সহায়তা কামনা করেন।
