লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশী রাখাল নিহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি এলাকার সানোয়ার হোসেনের ছেলে ওয়াস করনী (৩২) ও একই এলাকার সাদেক আলীর ছেলে আনোয়ার হোসেন ওরফে আয়নাল হক (৩০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশী রাখাল লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নং পিলার এলাকায় গরু পারাপার করতে যায়। এ সময় গোপালপুর সেক্টরের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছুঁড়লে আয়নাল ও ওয়াস করনীর মৃত্যু হয়। সঙ্গে থাকা অন্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জমশের আলী বলেন, গরু পারাপার করতে সীমান্তে যাওয়ায় বিএসএফের গুলিতে দুজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে নিহতদের বাড়িতে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এসএম তৌহিদুল আলম। তিনি বলেন, আমরা এ ধরনের ঘটনার কথা শুনেছি। তথ্য সংগ্রহ করছে আমাদের লোকজন। এ ব্যাপারে পরে জানানো হবে।