প্রবাসী স্বামীকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে স্ত্রী জান্নাতুল ফেরদৌসের (৩৫) স্থান হলো হাসপাতাল মর্গে। তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ড্রাইভার ও জান্নাতুলসহ ২ জন নিহত হন।
আজ শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সীমান্তের মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একনারীসহ ২ জন নিহত ও ৬ জন আহত হন।
নিহত জান্নাতুল দাগনভূঞার রামনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কুয়েত প্রবাসী বেলায়েত হোসেনের স্ত্রী। নিহত চালক ইমাম হোসেন (২৫) নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা।
আহতরা হলেন- বেলায়েত হোসেন (৪৫), সাবের হোসেন (১৪), সাব্বির হোসেন (১০), ফাহমিদা আক্তার (২২), শরিফ উদ্দিন (৩০) ও লিমন হোসেন (৮)।
নিহতের স্বজনরা জানান, ছুটিতে বেলায়েত হোসেন কুয়েত থেকে বাড়ি আসার খবর পেয়ে তাকে আনতে স্ত্রীসহ স্বজনরা ঢাকা বিমানবন্দর যান। বেলায়েতকে বিমানবন্দর থেকে নিয়ে স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা একটি মাইক্রোবাসে আজ শনিবার ভোরে ফেনীর দাগনভূঞার উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৭টার দিকে আলী বাজার এলাকার পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে জান্নাতুল ফেরদৌস (৩৫) মারা যান।
ফেনী সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক আবুল খায়ের মিয়াজী জানান, আহত প্রবাসী স্বামীসহ অপর ৬ জনকে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আমাদের সময়কে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।