বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই ধোলাইখালে সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে। ধোলাইখালের পাশাপাশি ঢাকার প্রবেশমুখ খ্যাত মাতুয়াইলেও পুলিশ-বিএনপির সংঘর্ষ হয়।
আজ শনিবার (২৯ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শনিআখড়া-রায়েরবাগ ও মাতুয়াইল এলাকায় অবস্থান নেয়। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলেই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।
সরেজমিন দেখা যায়, বিএনপির কর্মসূচি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কের একপাশে পুলিশের এপিসি গাড়ি, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে। পুলিশ সদস্যদের কয়েকজনকে এ সময় রাস্তায় অবস্থান করতেও দেখা যায়।
এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে পূর্ব ঘোষণা অনুযায়ী ‘সতর্ক পাহারায়’ মাঠে রয়েছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।