আগামী বৃহস্প্রতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী পঞ্চম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে এ মেলা। ওই দিন সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি প্রধান অতিথি হিসেবে ট্যুরিজম মেলার উদ্বোধন করবেন। সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বিশেষ অতিথি থাকবেন। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পঞ্চম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খান কবির এবং মেলার প্রধান আয়োজক ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল।
বক্তারা জানান, বাংলাদেশ পর্যটন বর্ষ ২০১৬ উত্সবকে সামনে রেখে ও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিগত বছরের ধারাবাহিকতায় এবারও পর্যটন বিচিত্রার আয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।