ফ্লাইট বাতিলে সৌদিতে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহ যাত্রী
সৌদি আরবে বিমানবন্দর অবকাঠামোয় হামলার পর ফ্লাইট বাতিলের কারণে প্রায় চার হাজার ভারতীয় ওমরাহ যাত্রী মক্কা ও মদিনায় আটকা পড়েছেন।
সৌদি আরবে বিমানবন্দর অবকাঠামোয় হামলার পর ফ্লাইট বাতিলের কারণে প্রায় চার হাজার ভারতীয় ওমরাহ যাত্রী মক্কা ও মদিনায় আটকা পড়েছেন। তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিমান সংস্থা ও সফর পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ জোরদার করেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ফ্লাইট বাতিলের কারণে ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারছেন না বহু ভারতীয় যাত্রী। এতে তাঁদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার পাশাপাশি দেশে ফেরা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিষয়টি সামনে আনেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তিনি জানান, ফ্লাইট বাতিলের কারণে সৌদি আরবের মক্কা ও মদিনায় প্রায় চার হাজার ভারতীয় ওমরাহ যাত্রী আটকা পড়েছেন। তাঁদের মধ্যে ইন্ডিগো, আকাসা এয়ার এবং এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাওয়া যাত্রীরাও রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়েসি বলেন, বিমান সংস্থাগুলোর ফ্লাইট বাতিলের কারণে এসব যাত্রী দেশে ফিরতে পারছেন না। তাঁদের দ্রুত ফিরিয়ে আনতে বড় উড়োজাহাজ পরিচালনার অনুমতি দেওয়া অথবা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর প্রতি আহ্বান জানান তিনি।
ওয়েসির উদ্বেগ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ে বক্তব্য দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় ভারতীয় কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ট্যুর অপারেটরদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সমন্বয়ও করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গত এক সপ্তাহে বিভিন্ন উপলব্ধ ফ্লাইটের মাধ্যমে প্রায় তিন হাজার ওমরাহ যাত্রীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি নিয়মিত সূচি অনুযায়ী পরিচালিত ফ্লাইটে আরও ১০ হাজারের বেশি ওমরাহ যাত্রী ভারতে ফিরেছেন। তবে এখনো সৌদি আরবে অবস্থানরত যাত্রীদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এদিকে, সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েকটি নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ নম্বর চালু করেছে। এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী সহায়তা পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
সৌদি আরবে বিমান চলাচল পরিস্থিতির অনিশ্চয়তার মধ্যে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি এবং নিয়মিত বিমান চলাচল স্বাভাবিক হওয়াই এখন আটকে পড়া ওমরাহ যাত্রীদের দ্রুত দেশে ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।