সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে দোতলায় অবস্থিত এই সার্ভার রুমে আগুন লাগে।
বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস ও পরে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো সার্ভার রুম পুড়ে গেছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে সিভিল অ্যাভিয়েশন ও ইমিগ্রেশন পুলিশ বিষয়টির গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সার্ভার রুমে তারগুলো এলোমেলো ও জট পাকানো অবস্থায় ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
সার্ভার পুড়ে যাওয়ায় সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে আগত যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া ম্যানুয়ালি (হাতে-কলমে) সম্পন্ন করা হচ্ছে।
সকাল ৮টা ৫৪ মিনিটে লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২-এর ২২২ যাত্রীর ইমিগ্রেশন ম্যানুয়ালি করা হয়েছে। পরে সার্ভার চালু হলে এই সব তথ্য কম্পিউটার সিস্টেমে ইনপুট দেওয়া হবে।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান ও ইমিগ্রেশন পুলিশের ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত চলছে। উল্লেখ্য, রাতের সব ফ্লাইট শেষ হওয়ার পর এই অগ্নিকাণ্ড ঘটায় ফ্লাইট শিডিউলে কোনো ব্যাঘাত ঘটেনি।
