বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন এমডি ও ডিএমডি নিয়োগ
বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন ব্যবস্থাপনা নেতৃত্ব নিয়োগ দিয়েছে সরকার
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন ব্যবস্থাপনা নেতৃত্ব নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে কাইজার সোহাইল আহমেদকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সৈয়দ মঈন উদ্দিন আহমেদকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উভয় নিয়োগই যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিভিত্তিক মেয়াদের জন্য কার্যকর হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাদের অন্য কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে পেশাগত সম্পৃক্ততা ত্যাগ করতে হবে।
নতুন এমডি কাইজার সোহাইল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে অ্যারোনটিক্স বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। জ্বালানি খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই পেশাজীবী দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময় ধরে শেভরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে নতুন ডিএমডি সৈয়দ মঈন উদ্দিন আহমেদের রয়েছে বিমান পরিবহন খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতা। তিনি অতীতে বিমানের লন্ডন স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কার্গো সেলস, ব্যবস্থাপনা ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালন দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনায় নতুন গতি আসবে।
