ওসমানী বিমানবন্দর থেকে ফ্লাইট চালাতে প্রস্তুত তিনটি এয়ারলাইন্স

সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দীর্ঘদিন পর বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দীর্ঘদিন পর বিদেশি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে তিনটি বিদেশি এয়ারলাইন্স—ফ্লাইদুবাই, সালামএয়ার ও এয়ার আরাবিয়া—ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে। এতে সিলেটবাসী ও প্রবাসীদের বহুদিনের প্রত্যাশা পূরণ হবে।

বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালু হলে সিলেটের সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাবে। একই সঙ্গে টিকিট সংকট, অতিরিক্ত ভাড়া ও যাত্রাপথের নানা ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিযোগিতা বাড়লে সেবার মানও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

গত কয়েক বছরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। রানওয়ে সম্প্রসারণ, আধুনিক কার্গো ওয়্যারহাউস নির্মাণ এবং নতুন টার্মিনাল ভবনের কাজ চলমান রয়েছে। তবে উন্নত সুবিধা থাকা সত্ত্বেও এতদিন কোনো বিদেশি এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করেনি। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন, ম্যানচেস্টার, সৌদি আরব, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।

ওসমানীতে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে ২০১৫ সালে ফ্লাইদুবাই সিলেট-দুবাই রুটে ফ্লাইট চালু করেছিল। যাত্রী চাহিদা বৃদ্ধির কারণে পরে প্রতিদিন ফ্লাইট পরিচালিত হলেও অভ্যন্তরীণ কারণে ২০১৮ সালে সংস্থাটি এ রুটে কার্যক্রম বন্ধ করে দেয়। বর্তমানে তারা আবারও সিলেটে ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে। সরকারও প্রয়োজনীয় নীতিগত সহযোগিতার আশ্বাস দিয়েছে।

অন্যদিকে, ওমানভিত্তিক স্বল্পমূল্যের এয়ারলাইন্স সালামএয়ার আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। শুরুতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের এয়ার আরাবিয়াও সিলেট থেকে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, তিনটি এয়ারলাইন্সই ইতিবাচক আগ্রহ দেখিয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে চলছে।

এদিকে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির উপস্থিত ছিলেন। তারা জানান, ওসমানী বিমানবন্দরকে একটি কার্যকর আন্তর্জাতিক হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আঞ্চলিক যোগাযোগ জোরদার হলে সিলেট-গুয়াহাটি রুটসহ নতুন আন্তর্জাতিক গন্তব্য চালুর সম্ভাবনাও রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.