যুক্তরাজ্যের রপ্তানি পরিবহনে এমিরেটস স্কাইকার্গোর প্রবৃদ্ধি ১১%
দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্সের কার্গো বিভাগ এমিরেটস স্কাইকার্গো ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্য থেকে ৫৭ হাজার টনেরও বেশি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পরিবহন করেছে।
দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্সের কার্গো বিভাগ এমিরেটস স্কাইকার্গো ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্য থেকে ৫৭ হাজার টনেরও বেশি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পরিবহন করেছে। আগের অর্থবছরের তুলনায় এই রপ্তানি পরিবহনের পরিমাণ ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মহাকাশ ও বিমান শিল্পের যন্ত্রাংশ, ওষুধ এবং উচ্চমানের খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধিই এই প্রবৃদ্ধির প্রধান কারণ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চলতি অর্থবছরেও এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাজ্য থেকে এমিরেটস স্কাইকার্গোর মাধ্যমে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় আরও ৭ শতাংশ বেড়েছে। সংস্থাটির মতে, মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বাজারে ব্রিটিশ পণ্যের চাহিদা বৃদ্ধি এবং দ্রুত ও নির্ভরযোগ্য এয়ার কার্গো সেবার কারণে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
এমিরেটস স্কাইকার্গোর ইউরোপ অঞ্চলের কার্গো কমার্শিয়াল ভাইস প্রেসিডেন্ট খাওলা আবদুল্লাহ বলেন, দ্রুত ও বৈশ্বিক সংযোগসম্পন্ন লজিস্টিক নেটওয়ার্ক আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুবাই হাবের মাধ্যমে এমিরেটস স্কাইকার্গো যুক্তরাজ্য ও ইউরোপের ব্যবসায়ীদের বিশ্বের উচ্চ প্রবৃদ্ধির বাজারগুলোর সঙ্গে সংযুক্ত করছে।
বর্তমানে এমিরেটস স্কাইকার্গো যুক্তরাজ্যের বার্মিংহাম, এডিনবার্গ, গ্লাসগো, লন্ডন হিথ্রো, লন্ডন গ্যাটউইক, ম্যানচেস্টার, নিউক্যাসল ও স্ট্যানস্টেড—এই আটটি বিমানবন্দর থেকে প্রতি সপ্তাহে ১৪০টিরও বেশি ওয়াইডবডি ফ্লাইটে কার্গো পরিবহন সেবা দিচ্ছে।
বিমান ও মহাকাশ শিল্পের ক্ষেত্রেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে এমিরেটস স্কাইকার্গো যুক্তরাজ্য থেকে ৫৭০ টনের বেশি বিমানযন্ত্রাংশ ও এয়ারোস্পেস সরঞ্জাম পরিবহন করেছে। একই সময়ে জরুরি বিমানযন্ত্রাংশ পরিবহনের বিশেষ Aircraft on Ground (AOG) সেবার চাহিদা ৩০০ শতাংশেরও বেশি বেড়েছে।
স্বাস্থ্যসেবা খাতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত হয়েছে। বছরের প্রথম ছয় মাসে তারা ১,৬০০ টনের বেশি ওষুধ এবং ২৬ টনের বেশি ক্লিনিক্যাল ট্রায়াল মেডিসিন আন্তর্জাতিক গন্তব্যে পৌঁছে দিয়েছে। এছাড়া স্কটল্যান্ডের সামুদ্রিক খাদ্য, স্মোকড স্যামন, স্ট্রবেরি ও চিজসহ বিভিন্ন প্রিমিয়াম খাদ্যপণ্যও দ্রুত বিশ্বের বিভিন্ন বাজারে পরিবহন করেছে।
বিশ্বব্যাপী বাড়তে থাকা চাহিদা মোকাবিলায় এমিরেটস স্কাইকার্গো বহরও সম্প্রসারণ করছে। ২০২৬ সাল থেকে বহরে নতুন বোয়িং ৭৭৭-এফ ফ্রেইটার এবং রূপান্তরিত বোয়িং ৭৭৭-৩০০ইআরএসএফ যুক্ত হচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক কার্গো পরিবহন সক্ষমতা আরও শক্তিশালী করবে।