লং থান বিমানবন্দর ঘুরে দেখছে এশিয়ার শীর্ষ বিমান সংস্থাগুলো

ভিয়েতনামের নির্মাণাধীন লং থান আন্তর্জাতিক বিমানবন্দর (Long Thanh International Airport) আনুষ্ঠানিক পরীক্ষামূলক কার্যক্রম শুরুর আর মাত্র এক মাস বাকি।

ভিয়েতনামের নির্মাণাধীন লং থান আন্তর্জাতিক বিমানবন্দর (Long Thanh International Airport) আনুষ্ঠানিক পরীক্ষামূলক কার্যক্রম শুরুর আর মাত্র এক মাস বাকি। এরই মধ্যে বিমানবন্দরটির অবকাঠামো, পরিচালন সক্ষমতা এবং ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করতে এশিয়ার শীর্ষস্থানীয় কয়েকটি বিমান সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিদল একের পর এক পরিদর্শন করছে। এতে স্পষ্ট হয়েছে, চালু হওয়ার আগেই লং থানকে ঘিরে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর আগ্রহ দ্রুত বাড়ছে।

সর্বশেষ ৩ আগস্ট জাপানের বৃহত্তম বিমান সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ (ANA)-এর একটি প্রতিনিধি দল বিমানবন্দরটি পরিদর্শন করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এএনএর জাপান, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিরোইউকি মাসুদা। সফরকালে তারা বিমানবন্দরের মডেল এলাকা, ২৩এল রানওয়ে এবং যাত্রী টার্মিনাল ঘুরে দেখেন। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, পরিচালন প্রস্তুতি এবং ভবিষ্যৎ সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

বিমানবন্দরের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভিয়েতনাম এয়ারপোর্টস করপোরেশন (ACV) জানিয়েছে, এই সফর লং থান বিমানবন্দরের সম্ভাবনা নিয়ে এএনএর আগ্রহের প্রতিফলন। একই সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা ও সম্ভাব্য ফ্লাইট পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ২০ জুলাই দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চোই জং হোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল লং থান বিমানবন্দর পরিদর্শন করে। তারা যাত্রী টার্মিনাল, ইমিগ্রেশন এলাকা, চেক-ইন কাউন্টার এবং কার্গো টার্মিনালের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিমানবন্দর চালু হলে ইনচন ও লং থানের মধ্যে যাত্রী ও কার্গো পরিবহন চালুর সম্ভাবনাও তারা মূল্যায়ন করেন।

এসিিভি জানিয়েছে, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে হো চি মিন সিটিকে কেন্দ্র করে বর্তমানে সরাসরি ফ্লাইট নেই—এমন ২১টি নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য গন্তব্যগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, চীন, তাইওয়ান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি শহর। এ কারণে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থার সঙ্গে আগাম সমন্বয় ও আলোচনা চলছে।

ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, লং থান আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা হচ্ছে। রানওয়ে, যাত্রী টার্মিনাল, কার্গো টার্মিনাল, অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর লক্ষ্য সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে। এর আগে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত পরীক্ষামূলক পরিচালনা (Trial Operations) চালানো হবে।

বিশ্লেষকদের মতে, চালু হওয়ার আগেই আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর এমন আগ্রহ প্রমাণ করে যে, লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভবিষ্যতে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিমান চলাচল ও ট্রানজিট হাবে পরিণত হতে পারে। বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নতুন রুট চালুর সম্ভাবনা এই বিমানবন্দরকে আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে নতুন মাত্রা দিতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.