এয়ারলাইন ঋণ শোধে ‘সিট-ফর-ডেট’ ব্যবস্থা আনছে নাইজেরিয়া

নাইজেরিয়ার ফেডারেল সরকার দেশটির স্থানীয় এয়ারলাইনগুলোর বিভিন্ন সরকারি বিমান চলাচল সংস্থার কাছে থাকা বকেয়া ঋণ পরিশোধে নতুন একটি ‘সিট-ফর-ডেট’ ব্যবস্থা চালুর কথা বিবেচনা করছে।

নাইজেরিয়ার ফেডারেল সরকার দেশটির স্থানীয় এয়ারলাইনগুলোর বিভিন্ন সরকারি বিমান চলাচল সংস্থার কাছে থাকা বকেয়া ঋণ পরিশোধে নতুন একটি ‘সিট-ফর-ডেট’ ব্যবস্থা চালুর কথা বিবেচনা করছে। প্রস্তাবিত এই ব্যবস্থায় এয়ারলাইনগুলো সরাসরি নগদ অর্থে ঋণ পরিশোধের পরিবর্তে ভবিষ্যতে বিক্রি হওয়া বিমান আসনের মূল্য ব্যবহার করে তাদের বকেয়া পরিশোধ করতে পারবে।

নাইজেরিয়ার বিমান ও মহাকাশ উন্নয়ন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরাইজ নিউজ। প্রস্তাবিত কাঠামোর আওতায় এয়ারলাইনগুলো একটি ডিজিটাল ট্রাভেল ক্যাশ ওয়ালেট তৈরি করবে। ওই ওয়ালেটে সংশ্লিষ্ট এয়ারলাইনের মোট বকেয়া ঋণের সমপরিমাণ অর্থের মূল্য নির্ধারণ করা থাকবে।

এই অর্থ ব্যবহার করে নাইজেরিয়ান সিভিল এভিয়েশন অথরিটি (NCAA), নাইজেরিয়ান এয়ারস্পেস ম্যানেজমেন্ট এজেন্সি (NAMA), ফেডারেল এয়ারপোর্টস অথরিটি অব নাইজেরিয়া (FAAN)সহ বিভিন্ন সরকারি সংস্থার পাওনা পরিশোধ করা হবে।

সরকারের পক্ষ থেকে মনে করা হচ্ছে, এই উদ্যোগ কার্যকর হলে একদিকে এয়ারলাইনগুলোর নগদ অর্থের ওপর চাপ কমবে, অন্যদিকে সরকার ধারাবাহিকভাবে বকেয়া আদায় করতে পারবে। বিশেষ করে বর্তমানে পরিচালন ব্যয় বেশি থাকায় অনেক স্থানীয় এয়ারলাইন অর্থনৈতিক সংকটে রয়েছে। তাই কঠোরভাবে ঋণ আদায়ের পরিবর্তে নমনীয় এই ব্যবস্থাকে বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এভিয়েশন বিশেষজ্ঞ ড. সেগুন ওয়েবোলু বলেন, বর্তমান পরিস্থিতিতে এয়ারলাইনগুলোর কাছে থাকা ভবিষ্যৎ আসন বিক্রির মূল্যকে কাজে লাগিয়ে ঋণ পরিশোধ করা যেতে পারে। তার মতে, এয়ারলাইনগুলোর জন্য সরাসরি নগদ অর্থ পরিশোধের তুলনায় এই ব্যবস্থা বেশি বাস্তবসম্মত হতে পারে।

প্রস্তাব অনুযায়ী, প্রতিটি এয়ারলাইন একটি কেন্দ্রীয় ডিজিটাল ওয়ালেট তৈরি করবে। ওয়ালেটে নির্ধারিত ঋণের সমপরিমাণ মূল্য সংরক্ষিত থাকবে। পরে একটি নির্দিষ্ট বিতরণ প্ল্যাটফর্মের মাধ্যমে এসব আসন বড় প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা এবং সরকারি সংস্থাগুলোর কাছে ছাড়মূল্যে বিক্রি করা হবে।

প্রস্তাবের আরেকটি অংশ অনুযায়ী, অনলাইনে বিক্রি হওয়া টিকিট থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট রাজস্ব সরকারি সংস্থার অ্যাকাউন্টে জমা হবে। ধারণা করা হচ্ছে, এ ধরনের স্বয়ংক্রিয় অর্থ পরিশোধ ব্যবস্থা ঋণ আদায়কে আরও কার্যকর করবে।

সরকার এখনো এই প্রকল্পের অংশগ্রহণকারী এয়ারলাইন, কোন ধরনের ঋণ এতে অন্তর্ভুক্ত হবে, আসন বণ্টন এবং পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করার সময়সীমা চূড়ান্ত করেনি। এ বিষয়ে আরও আলোচনা ও পরামর্শের প্রয়োজন রয়েছে।

বিশেষজ্ঞরা প্রস্তাবটিকে নতুন ও সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছেন। তবে এটি প্রচলিত ঋণ পুনর্গঠন নয়; বরং ভবিষ্যৎ টিকিট বিক্রির আয় ব্যবহার করে সরকারি পাওনা পরিশোধের একটি বিকল্প ব্যবস্থা।

নাইজেরিয়া সরকার আশা করছে, ‘সিট-ফর-ডেট’ ব্যবস্থা চালু হলে এয়ারলাইনগুলোর ওপর তাৎক্ষণিক আর্থিক চাপ কমানোর পাশাপাশি সরকারি বিমান চলাচল সংস্থাগুলোর দীর্ঘদিনের বকেয়া ঋণ আদায়েও কার্যকর সমাধান পাওয়া যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.