কুয়ালালামপুর-ফু কুওক রুটে নতুন এয়ারলাইন

মালয়েশিয়ার পর্যটকদের জন্য ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কুওকে ভ্রমণ আরও সহজ হচ্ছে।

মালয়েশিয়ার পর্যটকদের জন্য ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কুওকে ভ্রমণ আরও সহজ হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কুয়ালালামপুর ও ফু কুওকের মধ্যে প্রতিদিন সরাসরি রাউন্ড-ট্রিপ ফ্লাইট চালু করবে সান ফু কুওক এয়ারওয়েজ। নতুন এই রুটকে দুই গন্তব্যের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ পরিষেবা বা full-service সরাসরি বিমান সংযোগ হিসেবে তুলে ধরা হয়েছে।

রুটটির আনুষ্ঠানিক উদ্বোধনের আগে গত ১৩ আগস্ট কুয়ালালামপুরে ‘ফু কুওক—আপনার চূড়ান্ত গন্তব্য’ শীর্ষক একটি সেলস এজেন্ট সেমিনারের আয়োজন করা হয়। সান ফু কুওক এয়ারওয়েজ, মালয়েশিয়ায় প্রতিষ্ঠানটির জেনারেল সেলস এজেন্ট ও কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভ উইফাদাহ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরস যৌথভাবে এই আয়োজন করে। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রায় ১৩০ জন ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর ও বিমান সংস্থার প্রতিনিধি অংশ নেন।

নতুন রুটে প্রতিদিন একটি করে রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালিত হবে। ফু কুওক থেকে ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে বিকেল ৪টা ২০ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইট কুয়ালালামপুর থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে ফু কুওকে স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।

সুবিধাজনক সময়সূচির কারণে মালয়েশিয়ার পর্যটকরা সপ্তাহান্তের ভ্রমণ, স্বল্পমেয়াদি ছুটি কিংবা দীর্ঘ অবকাশ—তিন ধরনের ভ্রমণই সহজে পরিকল্পনা করতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সান ফু কুওক এয়ারওয়েজ এই রুটে পূর্ণাঙ্গ পরিষেবা দেবে। টিকিটের মূল্যের মধ্যে ২৩ কেজি চেকড ব্যাগেজ, হালকা খাবার ও পানীয় অন্তর্ভুক্ত থাকবে। দুই থেকে ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রাপ্তবয়স্ক ভাড়ার ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা পরিবার নিয়ে ভ্রমণকারীদের জন্য সুবিধাজনক হতে পারে।

এ ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে কুয়ালালামপুর থেকে ফু কুওক ভ্রমণকারীদের জন্য বিভিন্ন পর্যটন সুবিধাও দেওয়া হবে। ২৫ জুলাই ২০২৬ থেকে ২৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ভ্রমণকারীরা বিনামূল্যে সান ওয়ার্ল্ড হন থম কেবল কারের টিকিট পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি সান গ্রুপের বিভিন্ন আবাসন, খাবার, স্পা ও বিনোদনমূলক সেবায় সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড়ের সুবিধাও থাকবে।

মালয়েশিয়া থেকে পর্যটক আগমন বাড়ানোর পাশাপাশি ফু কুওককে আন্তর্জাতিক পর্যটন বাজারের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রেও নতুন রুটটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কুয়ালালামপুরের মাধ্যমে অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ থাকায় শহরটি ফু কুওকের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট গেটওয়ে হয়ে উঠতে পারে।

কুয়ালালামপুর হবে সান ফু কুওক এয়ারওয়েজের সপ্তম আন্তর্জাতিক গন্তব্য। এর আগে তাইপে, সিউল, হংকং, চেংদু, সিঙ্গাপুর ও ব্যাংককের সঙ্গে আন্তর্জাতিক সংযোগ তৈরি করেছে এয়ারলাইনটি।

এদিকে আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি বিমানবহরও বাড়াচ্ছে সান ফু কুওক এয়ারওয়েজ। আগস্টের শুরুতে তাদের বহরে ১৭টি বিমান ছিল। সেপ্টেম্বর থেকে Airbus A330 যুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং ২০২৬ সালের শেষ নাগাদ বহর ৩২টি বিমানে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN