একই ফ্লাইট নম্বরে দুই বিমান, তদন্তে এফএএ

যুক্তরাষ্ট্রে একই ফ্লাইট নম্বর নিয়ে একই সময়ে আকাশে থাকা দুটি আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজকে ঘিরে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

যুক্তরাষ্ট্রে একই ফ্লাইট নম্বর নিয়ে একই সময়ে আকাশে থাকা দুটি আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজকে ঘিরে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে। শুক্রবার মধ্যরাতের পর ফিনিক্সের এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিষয়টি দ্রুত শনাক্ত করে দুই উড়োজাহাজকে নিরাপদ দূরত্বে রাখেন। ঘটনা নিয়ে এখন তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিওতে জানা যায়, দুটি উড়োজাহাজই ‘American 2482’ কলসাইন ব্যবহার করছিল। একটি উড়োজাহাজ শিকাগো থেকে ফিনিক্সের দিকে আসছিল, অন্যটি ফিনিক্স থেকে যাত্রা শুরু করেছিল। একই সময়ে উভয় উড়োজাহাজ একই আকাশসীমায় প্রবেশের কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

ফিনিক্সের এয়ার ট্রাফিক কন্ট্রোলার দ্রুত বিষয়টি বুঝতে পারেন এবং দুই উড়োজাহাজকে আলাদা করে নির্দেশনা দিতে শুরু করেন। তিনি একটি উড়োজাহাজকে ‘American 2482 on the arrival’ এবং অন্যটিকে ‘American 2482 on the departure’ হিসেবে উল্লেখ করেন। এতে পাইলটরা বুঝতে পারেন, কোন উড়োজাহাজকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

কন্ট্রোলার আগত উড়োজাহাজটিকে departing উড়োজাহাজের ওপরে নিরাপদ উচ্চতায় রাখেন। একই সঙ্গে departing উড়োজাহাজকে অতিরিক্ত ওপরে উঠতে নিষেধ করেন, যাতে দুই উড়োজাহাজের মধ্যে প্রয়োজনীয় উল্লম্ব দূরত্ব বজায় থাকে।

পরিস্থিতি আরও নিরাপদ করতে তিনি দুই উড়োজাহাজের পাইলটকে একে অপরকে দেখতে সক্ষম হওয়ার মতো অবস্থানে রাখেন। ফলে উভয় পক্ষই নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন ছিল এবং সংঘর্ষের ঝুঁকি এড়ানো সম্ভব হয়।

ঘটনার পর ওই কন্ট্রোলার বলেন, প্রায় ২৫ বছর ধরে এয়ার ট্রাফিক কন্ট্রোলে কাজ করলেও একই কলসাইন নিয়ে দুটি উড়োজাহাজকে প্রায় একই জায়গায় চলে আসতে তিনি আগে দেখেননি। তার দ্রুত সিদ্ধান্ত ও স্পষ্ট নির্দেশনার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

এভিয়েশন নিরাপত্তা বিশেষজ্ঞ স্টিভ অ্যারোইয়ো মনে করেন, এয়ারলাইনের ডিসপ্যাচ সেন্টারে কেউ হয়তো বিষয়টি আগে শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। একই ফ্লাইট নম্বরের দুটি ফ্লাইট একই সময়ে আকাশে থাকবে—ফ্লাইট পরিকল্পনা অনুমোদনের আগে বিষয়টি যাচাই করা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

জানা গেছে, ফ্লাইট ২৪৮২ সাধারণত শিকাগো ও ফিনিক্সের মধ্যে চলাচল করে। শিকাগো থেকে আসা ফ্লাইটটি আবহাওয়ার কারণে বিলম্বিত হওয়ায় একই ফ্লাইট নম্বরের আরেকটি উড়োজাহাজ ফিনিক্স থেকে সময়মতো উড্ডয়ন করে। এর ফলে কিছু সময়ের জন্য দুটি উড়োজাহাজ একই আকাশসীমায় চলে আসে।

ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও আমেরিকান এয়ারলাইন্স। এয়ারলাইন জানিয়েছে, কন্ট্রোলার ও পাইলটদের পেশাদারিত্বের কারণে প্রয়োজনীয় দূরত্ব সবসময় বজায় ছিল এবং উভয় ফ্লাইট নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.