ইউরোপ-এশিয়ায় ফ্লাইট নেটওয়ার্ক বাড়াচ্ছে দুই এয়ারলাইন

থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল ও লট পোলিশ এয়ারলাইন্স যৌথভাবে কোডশেয়ার সহযোগিতা চালুর উদ্যোগ নিয়েছে।

থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল ও লট পোলিশ এয়ারলাইন্স যৌথভাবে কোডশেয়ার সহযোগিতা চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে গত ১৪ অক্টোবর দুই বিমান সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই অংশীদারত্ব কার্যকর হলে ইউরোপ, এশিয়া ও ওশেনিয়ার বিভিন্ন গন্তব্যে যাত্রীদের যাতায়াতের সুযোগ বাড়বে। পাশাপাশি একাধিক গন্তব্যে সংযোগকারী ফ্লাইট ব্যবহারের ক্ষেত্রে যাত্রীরা আরও সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, নতুন ব্যবস্থার আওতায় প্রথম যাত্রা শুরু হতে পারে ২০২৭ সালের গ্রীষ্মকালীন উড্ডয়ন মৌসুমে। দুই সংস্থার নেটওয়ার্ক সমন্বয়ের মাধ্যমে ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও বিস্তৃত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সমঝোতা স্মারকে থাই এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা কিত্তিফং সানসোমবুন এবং লট পোলিশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সদস্য ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রবার্ট লুদেরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। লট পোলিশ এয়ারলাইন্সের নতুন ওয়ারশ–ব্যাংকক রুট উদ্বোধনের সঙ্গে একই সময়ে এই সমঝোতা সই হয়।

থাই এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা কিত্তিফং বলেন, এই সমঝোতা থাইল্যান্ড ও পোল্যান্ডের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর মতে, লটের নতুন ওয়ারশ–ব্যাংকক ফ্লাইট দুই সংস্থার মধ্যে গভীর সহযোগিতার সুযোগ তৈরি করবে এবং ইউরোপ ও এশিয়ার মধ্যে যাতায়াত আরও সহজ করবে।

অন্যদিকে, লট পোলিশ এয়ারলাইন্সের বাণিজ্যিক কর্মকর্তা রবার্ট লুদেরা জানান, ওয়ারশ–ব্যাংকক রুট চালুর ফলে থাইল্যান্ডসহ এশিয়া, অস্ট্রেলিয়া ও ওশেনিয়ার বিভিন্ন গন্তব্যে যাত্রীদের যাতায়াতের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এ উদ্যোগে থাই এয়ারওয়েজকে স্বাভাবিক সহযোগী হিসেবে বিবেচনা করছে তাঁর সংস্থা।

দুই বিমান সংস্থাই স্টার অ্যালায়েন্সের সদস্য। তাদের বিদ্যমান আন্তলাইন সহযোগিতার আওতায় যাত্রীরা ইতিমধ্যে একটি ভ্রমণসূচির মধ্যে দুই সংস্থার ফ্লাইট মিলিয়ে টিকিট ব্যবহারের সুযোগ পান। নতুন কোডশেয়ার ব্যবস্থার মাধ্যমে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে।

তবে অংশীদারত্ব বাস্তবায়নের আগে আনুষ্ঠানিক কোডশেয়ার চুক্তি সই এবং প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনাগত প্রস্তুতি সম্পন্ন করতে হবে। বর্তমানে যোগ্য ফ্লাইটে দুই সংস্থার যাত্রীরা মাইল অর্জনের সুযোগ পান। এ ছাড়া স্টার অ্যালায়েন্স গোল্ড সদস্যরা বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার, অগ্রাধিকারভিত্তিক সেবা এবং অতিরিক্ত ব্যাগেজ সুবিধা পান। নতুন উদ্যোগটি কার্যকর হলে দুই অঞ্চলের পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN