রেডলাইনের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে মানা করলেন ক্যাব চেয়ারম্যান সানাউল হক

RED LINEনিরাপত্তা বিষয়ে চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন রাশেদ খান মেনন। সেখানে রেডলাইনের কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকরা কথা বলতে চাইলে আপত্তি জানান সিভিল অ্যাভিয়েশনের সদ্য বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক। তিনি বলেন, রেডলাইনের কোনও কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার উন্নয়ন ও প্রশিক্ষণে ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইন অ্যাশিউরড সিকিউরিটি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় সিভিল অ্যাভিয়েশন অথরিটির। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কুর্মিটোলায় সিভিল অ্যাভিয়েশন ভবনে এ চুক্তি স্বাক্ষর হয়। সিভিল অ্যাভিয়েশন অথরিটির সদর দফতরে বাংলাদেশের পক্ষে শাহজালাল বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক নুরুল ইসলাম ও রেডলাইনের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল মেসন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
রেডলাইনের কমার্শিয়াল ডিরেক্টর জিম টার্মিনির কাছে চুক্তি বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সিভিল অ্যাভিয়েশনের এক কর্মকর্তা ওই ব্যক্তিকে সাংবাদিকদের সঙ্গে কথা না বলতে ইশারা করেন।

পরে সন্ধ্যায় রেডলাইনের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মিডিয়ার সঙ্গে কথা না বলতে পরামর্শ দিয়েছে সিভিল অ্যাভিয়েশন অথরিটি। তার নাম প্রকাশ না করার জন্যও অনুরোধ করেন রেডলাইনের এই কর্মকর্তা।

চুক্তি স্বাক্ষর শেষে রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, আগামীকাল মঙ্গলবার (২২ মার্চ) থেকে রেডলাইনের কর্মকর্তারা প্রাথমিকভাবে কাজ শুরু করবেন। তবে দুই একদিনের মধ্যে তারা পুরোদমে কাজ শুরু করতে পারবেন। তারা আমাদের বাহিনীকে সুপারভাইজ, পরামর্শ ও প্রশিক্ষণ দেবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, সদ্য বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.