দুবাই-কলম্বো রুটে দ্বিতীয় এ৩৫০ চালু করছে এমিরেটস

আগামী ৮ আগস্ট থেকে শ্রীলঙ্কার কলম্বো রুটে দ্বিতীয় দৈনিক এয়ারবাস এ৩৫০ ফ্লাইট চালু করতে যাচ্ছে এমিরেটস।

 

আগামী ৮ আগস্ট থেকে শ্রীলঙ্কার কলম্বো রুটে দ্বিতীয় দৈনিক এয়ারবাস এ৩৫০ ফ্লাইট চালু করতে যাচ্ছে এমিরেটস। এর ফলে দুবাই ও কলম্বোর মধ্যে প্রিমিয়াম ইকোনমি সুবিধাসম্পন্ন ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ হবে। বর্তমানে এই রুটে পরিচালিত চারটি দৈনিক ফ্লাইটের একটি বোয়িং ৭৭৭ের পরিবর্তে নতুন এ৩৫০ উড়োজাহাজ মোতায়েন করা হবে।

এমিরেটস ২০২৫ সালের মার্চে প্রথমবারের মতো কলম্বো রুটে এ৩৫০ পরিচালনা শুরু করে। যাত্রীদের ইতিবাচক সাড়া এবং ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এয়ারলাইনসটি এবার দ্বিতীয় এ৩৫০ ফ্লাইট যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যাত্রীরা আরও বেশি সময়সূচির বিকল্পের পাশাপাশি এমিরেটসের সর্বাধুনিক কেবিন সুবিধা উপভোগের সুযোগ পাবেন।

নতুন সময়সূচি অনুযায়ী, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন বিকেল ৪টা ১০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে রাত ১০টা ১০ মিনিটে কলম্বোর বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি কলম্বো থেকে রাত ২টা ৫৫ মিনিটে যাত্রা করে ভোর ৫টা ৫০ মিনিটে দুবাইয়ে অবতরণ করবে।

এ৩৫০ উড়োজাহাজে আধুনিক কেবিন বিন্যাস, উন্নত বিনোদন ব্যবস্থা এবং প্রিমিয়াম ইকোনমি আসনের পাশাপাশি উচ্চগতির ইন্টারনেট সুবিধা রয়েছে। সব শ্রেণির যাত্রীদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে উড়োজাহাজটিতে নতুন নকশার আসন ও প্রশস্ত কেবিন ব্যবহার করা হয়েছে।

১৯৮৬ সাল থেকে শ্রীলঙ্কায় কার্যক্রম পরিচালনা করছে এমিরেটস। বর্তমানে তারা কলম্বোতে প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করে, যার মধ্যে তিনটি দুবাই থেকে সরাসরি এবং একটি মালদ্বীপের মালের মাধ্যমে পরিচালিত হয়। এই রুটের মাধ্যমে শ্রীলঙ্কার যাত্রীরা এমিরেটসের বৈশ্বিক নেটওয়ার্কের প্রায় ১৪০টি গন্তব্যে সংযোগ পাচ্ছেন।

এমিরেটস সম্প্রতি তাদের বৈশ্বিক নেটওয়ার্ক সম্প্রসারণে আরও কয়েকটি উদ্যোগ নিয়েছে। ফুকেট রুটে তৃতীয় দৈনিক ফ্লাইট চালু করার পাশাপাশি বিভিন্ন শহরে আধুনিক বিমানবন্দর লাউঞ্জ নির্মাণেও বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। কলম্বো রুটে দ্বিতীয় এ৩৫০ ফ্লাইট সংযোজন শ্রীলঙ্কার বাজারে এমিরেটসের দীর্ঘমেয়াদি অঙ্গীকার এবং উন্নত যাত্রীসেবার প্রতি তাদের গুরুত্বেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.