৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদে সরাসরি উড়বে রিয়াদ এয়ার

সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আগামী ৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করছে

সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আগামী ৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করছে। এ উপলক্ষে বৃহস্পতিবার থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু করেছে সংস্থাটি। নতুন এই সেবা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

রিয়াদ এয়ার জানিয়েছে, প্রতিদিনের ফ্লাইটে আধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করা হবে। ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে সরাসরি চলাচল করবে। এর ফলে কর্মসংস্থান, ব্যবসা, শিক্ষা ও পর্যটনের উদ্দেশ্যে ভ্রমণকারী যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, রিয়াদ থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে রিয়াদে অবতরণ করবে। প্রতিদিনের এই নির্ধারিত ফ্লাইটসূচি দুই দেশের যাত্রীদের জন্য ভ্রমণ পরিকল্পনা সহজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিমান সংস্থাটি বলছে, সৌদি আরবকে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে যুক্ত করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই ঢাকা রুট চালু করা হচ্ছে। নতুন এই রুটের মাধ্যমে রিয়াদকে একটি বৈশ্বিক ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ আরও শক্তিশালী হবে। যাত্রীরা রিয়াদ হয়ে সংস্থাটির ভবিষ্যৎ আন্তর্জাতিক নেটওয়ার্ক ও কোডশেয়ার অংশীদারদের গন্তব্যেও সহজে ভ্রমণ করতে পারবেন।

টিকিট রিয়াদ এয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে সংগ্রহ করা যাচ্ছে। পাশাপাশি নতুন যাত্রীরা সংস্থার লয়্যালটি প্রোগ্রাম ‘স্ফিয়ার’-এর ফাউন্ডিং মেম্বার হওয়ার সুযোগ পাবেন। এ কর্মসূচির আওতায় বিনামূল্যে ইন-ফ্লাইট ওয়াই-ফাই, পয়েন্টের মেয়াদ না থাকা, পরিবার বা বন্ধুদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি এবং বিশেষ অফারের মতো সুবিধা থাকবে।

রিয়াদ এয়ারের ৭৮৭-৯ ড্রিমলাইনারে বিজনেস এলিট, বিজনেস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি—এই চারটি ভ্রমণ শ্রেণি রাখা হয়েছে। প্রতিটি আসনে থাকবে ব্লুটুথ অডিও, চার্জিং পোর্ট এবং আধুনিক বিনোদন ব্যবস্থা। যাত্রীরা শত শত সিনেমা, টেলিভিশন সিরিজ ও অডিও কনটেন্ট উপভোগ করতে পারবেন। শিশুদের জন্য বিশেষ ডিজনি অ্যামেনিটি কিটসহ নানা সুবিধাও থাকবে। নতুন এ সেবার মাধ্যমে বাংলাদেশি যাত্রীদের জন্য মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য গন্তব্যে ভ্রমণের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN