এভিয়েশন নিউজ: কক্সবাজার বিমানবন্দরে অবতরণকালে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল ইউনাইটেড এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান।
অর্ধশত যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা বিমানটি গতকাল রবিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে নামার সময় সামনের একটি চাকা ফেটে যায়।
তীব্র ঝাঁকুনি খেয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
ওই বিমানের যাত্রী জেলা যুবদলের সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র জিসানউদ্দিন জানান, বিমানটি অবতরণের সময় আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল। তাই বিমানটিকে সঠিকস্থানে অবতরণে ব্যর্থ হন পাইলট।
ফলে সামনের চাকাটি ফেটে যায়। এসময় যাত্রীদের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। ওই বিমানে প্রায় অর্ধশত যাত্রী ছিল বলে জানান তিনি।
এ বিষয়ে কক্সবাজার বিমান বন্দরের এভিয়েশন ম্যানেজার হাসান জহির জানান, বিমানের চাকা বসে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ব্যাপারে জানতে ইউনাইটেড এয়ারওয়েজের কক্সবাজার অফিসে ফোন করা হলে কর্তব্যরত ব্যক্তি তাত্ক্ষণিকভাবে কিছু জানাতে অস্বীকৃতি জানান।
