বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বিশ্বখ্যাত কাবাব তুর্কি (Kebab Turki) এবার আসছে ঢাকায়। একই সঙ্গে রাজধানীর দশটি স্থানে আউটলেট হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার এই কাবাব কোম্পানির।
শনিবার (০৯ এপ্রিল) এ উপলক্ষে বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফওয়ান সোবহান এবং বাবা রাফি (Baba Rafi) গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হেন্দি সেতিয়োনো (Hendy Setiono) চুক্তিতে স্বাক্ষর করেন।
ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেইলি সানের কনফারেন্স রুমে এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকার বনানী, গুলশান, ধানমণ্ডি, বেইলি রোড, বসুন্ধরা সিটি, বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন পূর্বাচল ৩০০ ফুট মহাসড়ক ঘেঁষে কাবাব তুর্কির আউটলেট খোলা হবে। প্রাথমিক পর্যায়ে ১০টি আউটলেটের মাধ্যমেই যাত্রা করবে কাবাব তুর্কি।
অনুষ্ঠানে সেতিয়োনো বলেন, সম্পূর্ণ হালাল এই কাবাবের আউটলেটগুলো খোলা থাকবে ২৪ ঘণ্টা।
১৯৯০ সালে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম কাবাবের ব্যবসা শুরু করেন সেতিয়োনো। এরপর ২০০৩ সালে প্রথম জাকার্তায় আউটলেটের যাত্রা শুরু করে। এরপর একে একে আর্ন্তজাতিক একটি কাবাব কোম্পানির আউটলেটে পরিণত হয় বাবা রাফি গ্রুপের কাবাব তুর্কি।
তিনি জানান, বর্তমানে বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় ১২০০ আউটলেট রয়েছে কাবাব তুর্কির। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, শ্রীলঙ্কা, চীন, নেদারল্যান্ডসহ আরো কয়েকটি দেশে রয়েছে তাদের কাবাব। এবার স্বনামধন্য বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বাংলাদেশেও যাত্রা শুরু করছে কাবাব তুর্কি।
জনবহুল এই দেশে কাবাব তুর্কি মানুষের মন কাড়বে বলে প্রত্যাশা করেন তিনি। এর ফলে প্রচুর মানুষের কর্মসংস্থানও তৈরি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাবা রাফি’র আর্ন্তজাতিক ব্যবস্থাপক পোয়েট্রো লিগাদ ওয়ান্দরিরোসহ (Poetro Ligad Wandriro) উভয় গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।