ভারতীয় সেনারা বিমান থেকে হাসপাতালে ফুল বর্ষণ করবে

ভারতীয় সেনারা করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানাতে ভারতের হাসপাতালগুলোতে ফুলের পাপড়ি বর্ষণ করবে। রোববার এ উপলক্ষে আলোকসজ্জায় সজ্জিত করা হবে বিমানগুলো।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

তিনি জানান, কোভিড-১৯ যোদ্ধাদের ধন্যবাদ জানাতে রোববার দেশের হাসপাতালগুলোর উপরে আকাশপথ থেকে পাপড়ি বর্ষণ করবে সেনারা। আলোকসজ্জায় সজ্জিত করা হবে বিামানগুলোও। চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও অন্যান্য করোনা-যোদ্ধাদের শ্রদ্ধা জানাতেই এমনটা করা হবে।

সংবাদ সম্মেলনে বিপিন রাওয়াতের সঙ্গে আরো ছিলেন তিন সেনাপ্রধান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশব্যাপী লকডাউন দু’সপ্তাহের জন্য বাড়ানো হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণা করার ঠিক আগে এই ঘোষণাটি করেন বিপিন রাওয়াত।

জেনারেল রাওয়াত বলেন, আমরা আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই প্রত্যেক করোনা যোদ্ধা এবং দেশের সমস্ত নাগরিককে। ৩ মে সেনাবাহিনীর তিন শাখার তরফ থেকে বিশেষ সম্মান প্রদর্শন করা হবে। দেশ একত্রে সংঘবদ্ধ হয়েছে। এই সঙ্কট থেকে বেরিয়ে আসার সংকল্প দেখিয়েছে। আমাদের দেশে, সকলেই জানেন দেশের বিষয়ে সকলকে সংঘবদ্ধ হতে হয়।

এই বিশেষ সম্মান প্রদর্শনের অন্যতম হল বিমানবাহিনীর ‘ফ্লাই পাস্ট’। আকাশপথে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং উত্তর-পূর্বের আসম থেকে গুজরাতের কচ্ছ পর্যন্ত পাড়ি দেওয়া। এদিকে নৌবাহিনী জাহাজগুলিকে আলোকসজ্জায় সজ্জিত করবে ভারতীয় উপকূলে। এমনটাই জানিয়েছেন জেনারেল বিপিন রাওয়াত।

হাসপাতালগুলোতে পাপড়ি ছেটানোর পাশাপাশি বেশিরভাগ হাসপাতালের বাইরে সেনাবাহিনীর সদস্যরা ব্যান্ড বাজাবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.