বেতন কমানো হবে ভারতের বিমানসংস্থা ইন্ডিগোর শীর্ষ কর্মীদের। এমনকি বিনা বেতনে ছুটি দেওয়ার ঘোষণাও করলেন ভারতের বেসরকারি বিমানসংস্থার সিইও। মে মাস থেকে তিন মাসের জন্য এই পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ই-মেইলে জানান তিনি।ভারতে করোনাভাইরাসের কারণে ২৫ মার্চ থেকে লকডাউন চলছে। বন্ধ সমস্ত বিমান চলাচল। এর মধ্যে পূর্বের বহু বুকিং বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রবল ক্ষতির মুখে বেসামরিক বিমান পরিবহণ শিল্প।
এই অবস্থায় ইন্ডিগোর সিইও রণজয় দত্ত শুক্রবার একটি ই-মেইলে সব কর্মীদের জানান, ‘আমরা মার্চ ও এপ্রিলে কর্মীদের পুরো বেতন দিয়েছি। তবে মে,২০২০ থেকে বেতন হ্রাস করা ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় নেই।’ গত ১৯ মার্চেই সিনিয়র কর্মীদের বেতন হ্রাস করার কথা ঘোষণা করেছিল ইন্ডিগো কর্তৃপক্ষ।
বেতন কমানোর পাশাপাশি ‘লিভ উইদাউট পে’র কথা জানিয়ে রণজয় দত্ত ই-মেইলে জানিয়েছেন, ‘বেতন হ্রাসের পাশাপাশি আমাদের আরও কষ্টকর সিদ্ধান্ত নিতে হচ্ছে। মে, জুন ও জুলাইয়ে সীমিত ক্ষেত্রে লিভ উইদাউট পে প্রোগ্রামও চালু করতে হচ্ছে। কর্মীদের গ্রুপ অনুযায়ী, ১.৫ থেকে ৫ দিনের লিভ উইদাউট পে নিতে বলা হবে। তবে আমাদের অধিকাংশ কর্মীই লেভেল এ-র, তাঁদের উপর যাতে বিশেষ প্রভাব না-পড়ে, সে দিকে নজর রাখা হবে।’