করোনায় লকডাউন তুলে দেয়ার পর একদিনের ব্যবধানে ফ্রান্সে আবারও বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সোমবার একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে ২৬৩ জনের। আক্রান্ত হয়েছেন সাড়ে চার শতাধিক। এ অবস্থার মধ্যেই খুলতে শুরু করেছে দোকানপাট।
দীর্ঘ প্রায় দুমাস পর ফ্রান্সে লকডাউন তুলে দেয়া হয়েছে। তবে সামাজিক আর শারিরীক দূরত্বের কথা বলা হলেও গণপরিবহন আ কিছু মেট্রোর ক্ষেত্রে তা পরিলক্ষিত হচ্ছে না। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, শারিরীক দূরত্ব মানার বিষয়ে তারা সব ধরণের উদ্যোগ নিচ্ছে।
প্রথম দিনে সেলুনসহ অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। লকডাউন তুলে দেয়ার পর পর্যায়ক্রমে দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে। তবে বেশি আক্রান্ত এলাকা স্থানীয় মেয়র কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে সে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবে।
আর অভিভাবকরা চাইলে তাদের সন্তানদের স্কুলে নাও পাঠাতে পারবেন। লকডাউন তুলে দেওয়া হলেও দেশটির সাধারণ জনগণের পাশাপাশি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতা এখনও কমেনি।
প্রবাসী এক বাংলাদেশি বলেন, লকডাউন তুলে নিলেও করোনার প্রাদুর্ভাব এখনও কিন্তু রয়ে গেছে। এই আতঙ্কটা সকলের মাঝেই বিরাজ করছে।