আগামী তিন মাসের জন্য অভ্যন্তরীন রুটের বিমানভাড়া নির্ধারিত করে দিল ভারতের কেন্দ্রীয় সরকার। বিমান সংস্থাগুলির পাশাপাশি যাত্রীদের জন্যও বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করেছে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রনালয়। তবে অভ্যন্তরীন রুটের ফ্লাইট চালু হলেও স্বাভাবিক সংখ্যার তুলনায় তা মাত্র এক-তৃতীয়াংশই চলবে। সোমবার, ২৫ মে থেকে অভ্যন্তরীন বিমান পরিষেবা চালু হলেও ফ্লাইটে রেড জোনের যাত্রীদের ঠাঁই হবে না। সেই সঙ্গে প্রত্যেক যাত্রীর মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার এ ধরনের আরও একগুচ্ছ নিয়মের কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিংহ পুরি।