২০১৮ সাল থেকেই মন্দার মারে জর্জরিত বিমান সংস্থাগুলি। চলতি বছরের শুরুতে পরিস্থিতি আরও জটিল করে তোলে করোনা মহামারী। এহেন পরিস্থিতিতে ভারতে বিমান জ্বালানির দাম জুন মাসে এক ধাক্কায় ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে তেল বিপণনকারী সংস্থাগুলি। লকডাউনের জেরে প্রায় দু’মাস বন্ধ থাকার পর ভারতে যাত্রী পরিষেবা শুরু করেছে বিমান সংস্থাগুলি। কিন্তু জ্বালানির দাম বাড়ায় রীতিমতো বেকায়দায় পড়েছে তারা।
ফেব্রুয়ারি থেকে ভারতে বিমান জ্বালানির দাম একটানা কমার পর চলতি মাসেই তা প্রথম বাড়ল। একটি বিমান চালাতে যে পরিমাণের অর্থের প্রযোজন হয় তার ৪০ শতাংশই যায় জ্বালানির দাম মেটাতে। জুন মাসে ‘এভিয়েশন ফুয়েলে’ বা বিমানে যে জ্বালানি ব্যবহার করা হয় সেটির দাম এক ধাক্কায় ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে তেল বিপণনকারী সংস্থাগুলি। নয়া তালিকা মতে, গত মাসের তুলনায় ১১ হাজার টাকা বেড়ে এক কিলোলিটার জ্বালানির দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৭৫ টাকা। প্রায় দু’মাস বন্ধ থাকার পর পরিষেবা শুরু করতেই জ্বালানির দাম বেড়ে যাওয়ার অশনি সংকেত দেখছে বিমান সংস্থাগুলি।