পাঁচটি তেল ট্যাংকারে করে জ্বালানি পাঠানোর পর এবার বিমানযোগে করোনাভাইরাস মোকাবেলার নানা সরঞ্জাম ভেনিজুয়েলায় পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ইরানের একটি বিমান ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের সিমন বলিভার বিমান বন্দরে অবতরণ করেছে।
এই বিমানে করে নেওয়া হয়েছে করোনা শনাক্তকরণ কিটসহ তা মোকাবেলার বিভিন্ন সরঞ্জাম।মানবিক সাহায্য বহনকারী এই বিমানকে স্বাগত জানাতে দেশটির পরিকল্পনামন্ত্রী রিকার্ডো মানান্দেজ নিজে বিমানবন্দরে হাজির হয়েছিলেন।
ভেনিজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হুজ্জাতুল্লাহ সুলতানি বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় ভেনিজুয়েলাকে সহযোগিতা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে করোনা মোকাবেলায় দেশটির সামর্থ্য বেড়েছে বলে তিনি জানান।
ইরান মার্কিন হুমকি উপেক্ষা করে সম্প্রতি পাঁচটি জাহাজে করে পেট্রোলসহ বিভিন্ন তেলজাত পণ্য ভেনিজুয়েলায় পাঠিয়েছে। এতে প্রায় ১৫ লাখ ৩০ হাজার ব্যারেল পণ্য ছিল। তেলসমৃদ্ধ দেশ হলেও ভেনিজুয়েলা বর্তমানে নানা সংকটের কারণে প্রচণ্ড রকমের জ্বালানির অভাবে ভুগছে।