এভিয়েশন নিউজ রিপোর্ট : করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের অভ্যন্তরে ফ্লাইট সার্ভিস চালু হয়েছে। ফ্লাইট চালুর পর থেকে বেসরকারি এয়ারলাইন্সগুলো সমানতালে যাত্রী পাচ্ছে। কিন্তু সরকারি পতাকাবাহী এয়ারলাইন্স বিমান বাংলাদেশের ভাগ্যে যাত্রী মিলছে না। যাত্রীদের আকৃষ্ট করতে চার্টার্ড বা ফ্যামিলি ট্রিপের অফারেও কোনো সাড়া মিলছে না। বিমানে যাত্রীদের আগ্রহ কম থাকার নেপথ্যে নানা কারণকে দায়ী করেছেন এ খাতের বিশেষজ্ঞরা। তারা বলছেন, অব্যবস্থাপনা, পরিকল্পনার অভাব আর ভাড়া অনেক বেশি এবং বিমানের প্রতি যাত্রীদের আস্থার জায়গাটা এখনও তৈরি না হওয়ার কারণেই এমন নাজুক অবস্থা।
চলতি মাসে শুরু হয়েছে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সার্ভিস। কিন্তু শুরুর দিন মাত্র ২৪ জন যাত্রী পেলেও বাকি দিনগুলোতে প্রতিদিনই যাত্রী সঙ্কটে ফ্লাইট বাতিল করতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। এ ছাড়াও বিমান তাদের ক্ষতি পোষাতে মাত্র ৩ লাখ থেকে ৫ লাখ টাকায় ফ্যামিলি ট্রিপ বা চার্টার্ড ফ্লাইট ভাড়ার অফার ঘোষণা করলেও মঙ্গলবার পর্যন্ত কোনো ভাড়া তারা পাননি। তবে এরই মধ্যে একটি ফ্লাইট মালদ্বীপে গেছে। এ ছাড়া অভ্যন্তরীণ রুটে তেমন কোনো সাড়া পায়নি বিমান। অথচ এই দুর্দিনেও বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ও নভোএয়ার ঠিকই যাত্রী পেয়েছে। এখনও তারা ফ্লাইট চালাচ্ছে। তবে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
দেশের পুরনো সরকারি এই উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানটির সঙ্কট কোথায়? আর কেনই বা এত অফার ঘোষণার পরও যাত্রীরা আগ্রহ দেখাচ্ছেন না? বিভিন্নজনের কাছে এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে শুরু থেকে যারা কাজ করছেন তাদের বেশিরভাগই শুধু চাকরিই করেছেন। প্রতিষ্ঠানটি থেকে যত ইচ্ছা ভাউচার দেখিয়ে টাকা তুলে আখের গুছিয়েছেন। প্রতিষ্ঠানটির সাবেক নিবেদিত ও সৎ কর্মীরা বলছেন, বিমানে কেউ মনোযোগ সহকারে কাজ করেন না। শুধু ফাঁকিবাজি করে কীভাবে কাজ শেষ করা যায় এ ধান্ধাই থাকে সবার। এ পর্যন্ত যত কর্র্মী কাজ করেছেন বেশিরভাগই প্রতিষ্ঠানটিকে কখনই নিজের প্রতিষ্ঠান মনে করেননি। উল্টো তারা এই প্রতিষ্ঠানকে ধ্বংসের জন্য বাইরের ঠিকাদারকে সুবিধা পাইয়ে দিয়ে দিয়েছেন। তবে এর নেপথ্যে থেকে এসব ব্যক্তি পেয়েছেন মোটা অঙ্কের কমিশন।
বিমানের সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নভোএয়ার সৈয়দপুর রুটে ২ হাজার ৫০০ টাকায় যাত্রী পরিবহন করছে আর ইউএস-বাংলা করছে মাত্র ১৯শ’ টাকায়। তা হলে তারা যদি অর্ধেক ক্ষতি দিয়ে ফ্লাইট চালাতে পারে বিমান কেন পারবে না। আসলে তারা চাচ্ছে এই ক্ষতি হোক আর মাস গেলেই তো হিসাবে বেতন ঢুকবে। এ নিয়ে তো কারও কোনো চিন্তা বা ভবিষ্যৎ পরিকল্পনা নেই। আজ তারা যাত্রীদের বিপদে পাশে দাঁড়ালে বিমানের ভবিষ্যতে যাত্রীর ভিড় বাড়ত। কিন্তু সেই পরিকল্পনা বিমানের কখনই ছিল না। আজ বা কালও নেই। ফলে যাত্রী সঙ্কটে ভোগার এ অবস্থা সৃষ্টি হয়েছে।
বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন গণমাধ্যমকে জানান, প্রতিদিনই আমাদের আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলছে। তবে দেশীয় রুটে কোনো ফ্লাইট চালাচ্ছি না। কারণ যাত্রী না পেলে চালাব কী করে। আর অন্যরা চালাচ্ছে মাত্র ২ হাজার টাকায়। এর বাইরেও তো সরকারি ভ্যাট আছে। তা হলে কীভাবে সম্ভব! ফুয়েলের দামই তো উঠবে না। এসব কারণে আমরা দেশীয় রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছি।
যাত্রী সঙ্কটে বিমান অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা না করতে পারলেও অন্যদিকে ইউএস-বাংলা ও নভোএয়ার এয়ারলাইন্স দেশীয় তিন রুট সৈয়দপুর, সিলেট ও চট্টগ্রাম রুটে আগের চেয়ে কম ভাড়ায় যাত্রী পরিবহন করছে।
তারা কম ভাড়ায় যাত্রী পরিবহন করলেও অন্যান্য খরচ বেড়ে গেছে। যাত্রী পরিবহন, ফুয়েল ও মেইনটেন্যান্স খরচের পাশাপাশি যুক্ত হয়েছে মাস্ক, হ্যান্ড গøাভস ও হ্যান্ড স্যানিটাইজারের খরচও। তারপরও প্রতিষ্ঠান দুটি দেশীয় রুটে যাত্রীদের সেবা দিচ্ছে।
কেন তারা এত ক্ষতি করেও যাত্রী সেবা দিচ্ছেন জানতে চাইলে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, আমরা বর্তমানের পরিকল্পনা সাজিয়েছি ভবিষ্যৎকে টার্গেট করে। জানি আমাদের ক্ষতি হচ্ছে, তারপরও এই ক্ষতিতেও যদি যাত্রী স্বাচ্ছন্দ্যবোধ করে সেটাই আমাদের প্রশান্তি। আজ আমরা যদি যাত্রীদের পাশে দাঁড়াই, তবে তারা আমাদের ওপর ভবিষ্যতে আরও আস্থা রাখবে। যার প্রমাণ তারা গত ৬ বছরে দিয়েছে।
অন্যদিকে নভোএয়ারের মার্কেটিং সেলস বিভাগের সিনিয়র ম্যানেজার একেএম মাহফুজুল আলম জানান, করোনার এই সময়ে যাত্রীদের পাশে দাঁড়ালে আমরা মনে করি আমাদের প্রতি তাদের আস্থা ভবিষ্যতে আরও দৃঢ় হবে। আর এই মুহূর্তে ফুল প্যাসেঞ্জার পাওয়ার মতো অবস্থাও নেই। মানুষ নানা পেরেশানিতে আছে। উল্টো ভাড়া বাড়ালে তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি হবে। এসব কারণে আমরা ভাড়া না বাড়িয়ে আগের ভাড়াতেই সেবা দিচ্ছি।