করোনায় যুক্তরাজ্যে আটকেপড়া ১৫৩ বাংলাদেশি দেশে ফিরছেন

বাংলাদেশ সরকারের নির্দেশনায় এবং বাংলাদেশ হাই কমিশন লন্ডনের উদ্যোগে করোনায় যুক্তরাজ্যে আটকেপড়া ১৫৩ জন বাংলাদেশি যাত্রী দেশে ফিরছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি ৪১০৬) আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে। বিমানটি বাংলাদেশ সময় আজ শনিবার দিবাগত রাত ০০:৩০ মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে।

লন্ডন হিথ্রো এয়ারপোর্টে বাংলাদেশে প্রত্যাবর্তনকারী যাত্রীদের বিদায় জানান  যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদ মুনা তাসনীম

বাংলাদেশের হাইকমিশনার সাইদ মুনা তাসনীম বিশেষ বিমানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে আটকেপড়া বাংলাদেশিদের দেশে নিরাপদে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দূতাবাসগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

সে অনুযায়ী বাংলাদেশ হাই কমিশন, লন্ডনে দু’টি প্রত্যাবসন ফ্লাইটের মাধ্যমে যুক্তরাজ্যে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করেছে।

ইতিপূর্বে গত ১০ মে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ও বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভাড়া করা একটি বিশেষ বিমানে প্রথম শতাধিক আটকে পড়া বাংলাদেশি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.