লা লিগায় শীর্ষস্থানে মেসির বার্সেলোনা, ৪-০ গোলের দাপুটে জয়

লিওনেল মেসির বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন হলো। ম্যায়োর্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। বার্সেলোনা দাপুটে জয়ে লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করেছে।

মেসিরা করোনাভাইরাস মহামারিতে তিন মাস খেলার মধ্যে ছিলোনা। তাই শঙ্কা ছিলো ফিটনেস নিয়ে। তারওপর চ্যালেঞ্জও ছিলো দর্শকশূন্য স্টেডিয়ামের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার। কিন্তু, মাঠের পারফরম্যান্সে সব চ্যালেঞ্জ টপকে গেছে কাতালানরা। পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দল ম্যায়োর্কার বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছে তারা।

আর্তুরো ভিদাল ম্যাচের মাত্র ২ মিনিটেই জায়ান্টদের লিড এনে দেন। ব্রাথওয়েইট প্রথমার্ধের বিরতির ৮ মিনিট আগে মেসির অ্যাসিস্টে লিড দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সা। লকডাউন ও ইনজুরি থেকে ফিরে মাঠে নামেন সুয়ারেজও। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় কিকে সেতিয়ের দল। তবে, ৭৯ মিনিটে ভুল হয়নি জর্ডি আলবার। মেসির অ্যাসিস্টে ব্যবধান বাড়ান এই স্প্যানিশ ফুটবলার। ম্যাচের যোগ হওয়া সময়ে গোলের দেখা পান মেসি। সুয়ারেজের অ্যাসিস্টে গোল করে দলকে বড় জয় এনে দেন আর্জেন্টাইন তারকা। বার্সেলোনা ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.