বিশেষ ফ্লাইটে আজ দুপুরে নেপালের ১৬০ শিক্ষার্থী ঢাকা ছাড়লেন

এভিয়েশন নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশে আটকে পড়া নেপালের ১৬০ জন শিক্ষার্থী দ্বিতীয় দফায় বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। এ নিয়ে বিশেষ ফ্লাইটে দু’দফায় ৪২০ জন নেপালি দেশে ফিরে গেলেন।

ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাস জানায়, আজ বুধবার (১৭ জুন) দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমালয় এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি নেপালের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে বাংলাদেশে অবস্থানরত নেপালি শিক্ষার্থী ছিল।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লাইটটি আয়োজন করে, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) সর্বাত্মক সহযোগিতা করেছে বলে জানিয়েছে দেশটির দূতাবাস।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এর আগে গত ১৪ জুন প্রথমবারের মতো নিজ দেশের নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের আয়োজন করে নেপাল দূতাবাস। নেপাল এয়ারলাইন্সের সেই বিশেষ ফ্লাইটে ২৬০ জন নেপালের নাগরিক ঢাকা ছাড়ে।

নেপাল দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় এবং প্রয়োজন সাপেক্ষে পরবর্তী সময়ে বিশেষ ফ্লাইট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.