চলতি অর্থবছরেই যোগ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন রুট।
এছাড়াও বাড়বে অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মান।
দেশে নির্মিত হবে সিভিল অ্যাভিয়েশন ইনস্টিটিউট। ফলে বদলে যাবে এ খাত।
বিমানবন্দরের উন্নয়নে সরকারের পদক্ষেপ যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন ঘটবে। বাড়বে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন।
বিশ্বমানের বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পদক্ষেপ নেওয়া হয়েছে।
যাত্রীসেবার মান উন্নয়নে নেওয়া হয়েছে বেশ ক’টি বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ।
প্রস্তাবিত বাজেটে বাগেরহাট জেলায় খানজাহান আলী বিমানবন্দর নির্মাণসহ যশোর, সৈয়দপুর, বরিশাল বিমানবন্দর ও
রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের সম্প্রসারণ ও নবরূপায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঘোষিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য দ্রুতগতির যাত্রী ও পণ্য পরিবহন সুবিধাদি নিশ্চিতকরণে বিশ্বমানের বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে।
মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ চলমান এবং কক্সবাজার ও
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, গুয়াংজু ও টরেন্টোতে ফ্লাইট চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া বাকি রুটগুলো নিয়ে কাজ চলছে।