আগামীকাল চট্টগ্রাম থেকে কলকাতা যাচ্ছে বিশেষ ফ্লাইট

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে কলকাতা যাচ্ছে একটি বিশেষ ফ্লাইট।
আগামীকাল বুধবার সকাল ১০টায় ২৫ জন যাত্রী নিয়ে বিমানের বিশেষ ফ্লাইটটি রওনা দেবে।
তবে বিমানটি যাত্রী নিয়ে কলকাতা নামলেও আবার চট্টগ্রাম ফেরত আসবে না। কলকাতা থেকে ঢাকায় রওনা দেবে।

জানতে চাইলে চট্টগ্রাম বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ উল্লাহ বলেন, সকাল ১০টায় ২৫ যাত্রী নিয়ে
বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজটি কলকাতার উদ্দেশে রওনা দেবে। যাত্রী নামিয়ে সেটি কলকাতা থেকে ঢাকায় যাবে। চট্টগ্রামে আসবে না।

জানা গেছে, বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজে ৭২ যাত্রী ধারণক্ষমতা আছে কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের করোনাভাইরাসের সতর্কতার বিধিনিষেধের কারণে কম যাত্রী নিয়ে উড়াল দিচ্ছে উড়োজাহাজগুলো। এই বিমানের যাত্রী কারা তা জানাতে পারেননি বাংলাদেশ বিমানের চট্টগ্রাম বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ইমরুল হাসান। তিনি বলেন, একটি গ্রুপ বিমানটি ভাড়া করে কলকাতা যাচ্ছে। সেখানে ২৫ জন যাত্রী আছে; টিকেটের সংখ্যা বাড়তেও পারে।

পরে খোঁজ নিয়ে জানা গেছে, লকডাউনের কারণে চট্টগ্রামে আটকে পড়া ভারতীয় নাগরিকরা উড়োজাহাজ ভাড়া করে এই ফ্লাইটে কলকাতা যাচ্ছেন। এদের মধ্যে দূতাবাস কর্মকর্তাও আছেন। সেখান থেকে আভ্যন্তরীণ রুটে যে যার গন্তব‌্যে যাবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.