বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ব্যাপক হারে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সাল পর্যন্ত ব্যাংকিং খাতে মোট আমানতকারীর সংখ্যা ১০ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২১১টিতে দাঁড়িয়েছে।
এর মধ্যে কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা ৮৩ হাজার ৮৩৯টি।
আর গত এক বছরেই কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৮ হাজার ২৭৬টি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনা করে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে,
বর্তমানে ব্যাংকিং খাতে মোট আমানতের প্রায় সাড়ে ৪৩ শতাংশই কোটিপতিদের দখলে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১২ লাখ ১৪ হাজার ৪৫৫ কোটি টাকা।
এর মধ্যে কোটিপতিদের দখলে থাকা আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৯৯৬ কোটি টাকা, যা ব্যাংকিং খাতে মোট আমানতের প্রায় ৪৩.৩৯ শতাংশ।