করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশের সঙ্গে বাহরাইনের ফ্লাইট বন্ধ থাকায় অনেক প্রবাসী আটকা পড়েন। আটকে পড়া ৪১৩ জন প্রবাসী যাত্রী নিয়ে বাহরাইন ছাড়ল বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট।
বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটটি আটকে পড়া ৪১৩ জন প্রবাসী যাত্রী নিয়ে (২৪ জুন) বুধবার স্থানীয় সময় বিকেলে ঢাকার উদ্দেশে বাহরাইন বিমানবন্দর ত্যাগ করেছে।
বিমানের বিশেষ ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ১টা ২০ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমানে ৪১৩ জন যাত্রী ছাড়াও আটজন প্রবাসীর মৃতদেহ রয়েছে।
বিজি ৪১১৪ ফ্লাইটটি উড্ডয়নের প্রাক্কালে সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত নজরুল ইসলাম, দূতালয় প্রধান রবিউল ইসলাম, লেবার কাউন্সেলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
করোনা পরিস্থিতির কারণে প্রায় তিন মাস বাংলাদেশের সঙ্গে বাহরাইনের ফ্লাইট বন্ধ থাকায় আটকা পড়েন অনেক প্রবাসী।প্রবাসীরা ছুটি, স্বাস্থ্যগত সমস্যা ও পারিবারিক জরুরি প্রয়োজনে দেশে ফিরতে পারছিলেন না । এরই পরিপ্রেক্ষিতে বাহরাইন দূতাবাস এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।
প্রাথমিকভাবে নির্ধারিত হয় ২২ ও ২৬ জুন দুটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে বাহরাইনে আটকে পড়া ৬০০ প্রবাসী দেশে ফিরবেন এবং ছুটিতে থাকা ৩ হাজারের বেশি প্রবাসীর মধ্যে ৮০০ বাংলাদেশি কর্মস্থলে ফিরবেন।