বেতনের পর পেনশনও কাটবে বিমান

কর্মকর্তা-কর্মচারীদের অসন্তোষ

অর্ধেকের বেশি বেতন কর্তনের পর এবার কর্মকর্তা-কর্মচারী ও পাইলট-কেবিন ক্রুদের ৫০ ভাগ পেনশন কাটার সিদ্ধান্ত নিয়েছে বিমান। অন্যদিকে বিমানের শীর্ষ পর্যায়ের ৫ কর্মকর্তা পুরো বেতনসহ সব সুযোগ-সুবিধা পাচ্ছেন। এতে সংস্থাটির সব পর্যায়ের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

পাইলটদের বেতন-পেনশন কাটার আগে বাপার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এতে কর্তৃপক্ষের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ উঠেছে। চুক্তি ভঙ্গের কারণে পাইলটদের সংগঠন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) আইনের আশ্রয় নিতে পারে বলে জানা গেছে। -দৈনিক যুগান্তর এই প্রতিবেদন প্রকাশ করেছে আজ।

জানা যায়, নিয়ম ছিল সংস্থার কোনো কর্মকর্তা-কর্মচারী এবং পাইলট-কেবিন ক্রু অবসরে গেলে ৩ মাসের মধ্যে তাদের পেনশনের পুরো টাকা দিয়ে দেয়া হতো। কিন্তু ১৮ জুন এক অফিস আদেশে উল্লেখ করা হয়, আগের সিদ্ধান্ত পরিবর্তন করে পেনশনের ৫০ ভাগ বাধ্যতামূলকভাবে কেটে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি ৫০ ভাগ টাকা নির্ধারিত হারে মাসিক পেনশন হিসাবে দেয়া হবে। বিমানের পরিচালক প্রশাসন জিয়া উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এই খবরে বিমানের সর্বস্তরের কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিমানে কর্মরত পাইলটদের সঙ্গে ম্যানেজমেন্টের বেতনভাতাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিয়ে একটি চুক্তি (বাপা অ্যাগ্রিমেন্ট) রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, সম্প্রতি পাইলটদের বেতন কর্তন, অ্যালাউন্স বাতিল, চুক্তিভিত্তিক নিয়োগ ও চুক্তি নবায়ন না করাসহ কমপক্ষে ১০টি খাতে চুক্তি ভঙ্গ করেছে বিমান ম্যানেজমেন্ট।

পাইলটদের সংগঠন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) নেতারা বলছেন, এসব চুক্তি ভঙ্গের আগে ম্যানেজমেন্ট বাপার সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি। একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে, যা বাপা চুক্তি ভঙ্গের শামিল। নাম প্রকাশ না করার শর্তে বাপার একাধিক নেতা  বলেছেন, এসব চুক্তি ভঙ্গের জন্য বাপার পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে বিমানের একাধিক কর্মকর্তা-কর্মচারী  বলেন, বিমান ম্যানেজমেন্টের শীর্ষপদে বসে যারা সংস্থার কর্মীদের বেতন কাটছেন, ওভারটাইম বাতিলসহ একের পর এক নেতিবাচক সিদ্ধান্ত নিচ্ছেন, সেই ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক প্রশাসনসহ ৫ শীর্ষ কর্তা পুরো বেতনভাতা পাচ্ছেন। ভোগ করছেন সব সুযোগ-সুবিধা। কিন্তু কর্মকর্তা-কর্মচারীদের ওপর একের পর এক খড়্গ চালানো হচ্ছে।

এর আগে করোনাভাইরাসের কারণে বিমানের ব্যয় কমাতে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর বেতনভাতা ১০ থেকে ৫০ শতাংশ কেটে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। ৫ মে জারি করা অফিস আদেশ অনুযায়ী, ওই মাস থেকে বেতনক্রম ১ থেকে ৩(২) পর্যন্ত কর্মকর্তাদের মোট বেতন (গ্রোস স্যালারি) থেকে ১০ শতাংশ কর্তন করা হচ্ছে। ৪ থেকে ৫ পর্যন্ত কর্মকর্তাদের ১৫ শতাংশ, ৬ থেকে ৮ পর্যন্ত কর্মকর্তাদের ২০ শতাংশ এবং ৯ থেকে উপরের কর্মকর্তাদের ২৫ শতাংশ কর্তন করা হচ্ছে।

অপরদিকে পাইলটদের ক্ষেত্রে যাদের চাকরির বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে, তাদের আউট স্টেশন অ্যালাউন্স কর্তনের পর যে বেতন থাকবে তার ২৫ শতাংশ কর্তন করা হবে। যাদের চাকরির বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে, তাদের ক্ষেত্রেও আউট স্টেশন অ্যালাউন্স কর্তনের পর যে বেতন থাকবে তার ৩০ শতাংশ কর্তন করা হবে।

এছাড়া যাদের চাকরির বয়স ১০ বছরের বেশি, তাদের ক্ষেত্রেও একই নিয়মে মোট বেতনের ৫০ শতাংশ কর্তন করা হবে। ক্যাজুয়াল কর্মীদের বেতন না কাটলেও তাদের বেতনভাতা মাসে ২২ দিন অনুসারে দেয়া হবে। তবে ওই অফিস আদেশে বিমানে প্রেষণে কর্মরত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে কোনো ধরনের বেতন কর্তন করা যাবে না বলে সিদ্ধান্ত হয়।

তার আগে অপর এক অফিস আদেশে বিমানের সব প্রশাসনিক, কারিগরি ও অপারেশনাল কর্মচারী, প্রকৌশল কর্মকর্তা এবং কেবিন ক্রুদের সব ধরনের ওভারটাইম ভাতা প্রদান বন্ধ করা হয়েছিল। মার্চ থেকে এসব কর্মকর্তাকে কোনো ধরনের ওভারটাইম দেয়া হচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে বাপার এক শীর্ষ কর্মকর্তা বলেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই বিমান ম্যানেজমেন্ট চুক্তিভিত্তিক ৯ পাইলটকে বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছে। এই ৯ পাইলট হলেন ক্যাপ্টেন হাসনাইন, ক্যাপ্টেন ইসমত, ক্যাপ্টেন রফিক, ক্যাপ্টেন খাজা, ক্যাপ্টেন ইসহাক, ক্যাপ্টেন জাকির, ক্যাপ্টেন মঞ্জুর, ক্যাপ্টেন হাসান ইমাম ও ক্যাপ্টেন তরিক।

অ্যাগ্রিমেন্ট অনুযায়ী, বাপা সদস্যভুক্ত কোনো পাইলটের বয়স ৬০ বছর হলে তিনি বাকি ৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন। এক্ষেত্রে প্রতিবছর চুক্তি নবায়ন করা হবে। কিন্তু ইতোমধ্যে ক্যাপ্টেন ইসমতের চুক্তির মেয়াদ এক বছর শেষ হয়ে গেলেও তার চাকরির মেয়াদ নবায়ন করেনি ম্যানেজমেন্ট।

এদিকে সরকার ঘোষিত ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে মে মাসে বিমান যে ১ হাজার কোটি টাকা পেয়েছে, তা আগামী মাসেই শেষ হয়ে যাচ্ছে। জানা যায়, উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে কেনা উড়োজাহাজের কিস্তি, উড়োজাহাজ রক্ষাণাবেক্ষণ, লিজে আনা উড়োজাহাজের ব্যয় ও ফ্লাইট পরিচালনার কাজে এই টাকা খরচ হয়েছে। বিমানের হিসাব শাখা সূত্রে জানা গেছে এসব ব্যয় মেটাতে বিমানের মাসে খরচ হচ্ছে ৪৫০ কোটি টাকা।

ঋণ নেয়ার সময় বিমান ম্যানেজমেন্ট জানিয়েছিল বহরে থাকা ১৮টি উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে মাসে খরচ হয় ২৬৬ কোটি টাকা। এছাড়া লিজে আনা ৬টি উড়োজাহাজের জন্য মাসে খরচ ৯৮ কোটি টাকা। বোয়িং থেকে কেনা উড়োজাহাজের কিস্তি বাবদ মাসে খরচ ৭০ কোটি টাকা। এর বাইরে আছে ফ্লাইট পরিচালনা খরচ। সব মিলিয়ে আগামী মাসে খরচ হয়ে যাচ্ছে পুরো ১ হাজার কোটি টাকা।

নাম প্রকাশ না করার শর্তে একজন শীর্ষ কর্মকর্তা বলেন, যেভাবে খরচ হচ্ছে, সে অনুযায়ী কোনো আয় নেই। তার মতে, মাসে ৪০০ কোটি টাকার বেশি ব্যয় হলেও বর্তমানে ফ্লাইট পরিচালনা থেকে বিমানের আয় নেই বললেই চলে। দীর্ঘসময় বন্ধ থাকার পর ১ জুন থেকে চালু হয় অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। তবে যাত্রী সংকটের প্রথমদিন থেকে বন্ধ রয়েছে বিমানের ফ্লাইট পরিচালনা।

যদিও সব রুটে শতভাগ লোডফেক্টর নিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা ও নভোএয়ার। ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুট উন্মুক্ত হলেও বিমান লন্ডন রুটে সপ্তাহে ১টি ফ্লাইট চালাচ্ছে। তারপরও প্রথম ফ্লাইটে লন্ডন থেকে ফিরেছেন ২৬ যাত্রী।

মে মাসে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ৫৭টি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে এয়ারলাইন্সটি। এর আগে এপ্রিলে পরিচালনা করা হয় ১৭টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোকাব্বির হোসেনের সঙ্গে শনিবার রাতে টেলিফোনে যোগাযোগ করা হলেও তিনি এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে এর আগে তিনি বলেছেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিশ্বব্যাপী সব এয়ারলাইন্সই সংকটে পড়েছে। বিমানও এর ব্যতিক্রম নয়।

তবে এ পরিস্থিতিতেও বিমানকে টিকিয়ে রাখতে সম্ভাব্য সব রকম ব্যয় কমিয়ে আনা হয়েছে। আমরা নিয়মিত চার্টার্ড ও কার্গো ফ্লাইট পরিচালনা করে যাচ্ছি। বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং করছে বিমান। আর এসব মাধ্যমে যা আয় হচ্ছে, তা দিয়ে এয়ারলাইন্সের প্রায় ৬০০ কর্মকর্তা-কর্মচারীর বেতন দেয়া হচ্ছে। এ পর্যন্ত কোনো কর্মী ছাঁটাই করা হয়নি। তবে আয় কমায় বিমানের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে কর্মীদের বেতন ১০-৫০ শতাংশ কমানো হয়েছে। আমরা আশা করছি, বিমান সব সংকট মোকাবেলা করে টিকে থাকবে।

প্রকাশ : দৈনিক যুগান্তর, ২৮ জুন ২০২০

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.