আগামী জুলাইয়ের শুরুতে ৩৬ হাজার কর্মী বা প্রায় সব কর্মীকেই ১ লাখ ৫০ হাজার ইয়েন বা ১ হাজার ৪০০ ডলার
করে বিশেষ ভাতা দেবে
জাপান এয়ারলাইনস কোম্পানি (জেএএল)। কোম্পানির বেশ কয়েকটি সূত্র রোববার এ তথ্য নিশ্চিত করেছে।
খবর কিয়োদো।
করোনাভাইরাস মহামারীর কারণে আয় কমায় চলতি বছরের গ্রীষ্মকালীন বোনাস অর্ধেক কমানোর পরিপ্রেক্ষিতে
কর্মীদের মনোবল চাঙ্গায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।
তারা আরো জানায়, জেএএলের চেয়ারম্যান ইয়োশিহারো ইউকি ও প্রেসিডেন্ট ইয়ুজি আকাসাকা কোনো
বোনাস গ্রহণ করবেন না। এছাড়া অন্য নির্বাহীদের বোনাস ৭০ শতাংশ কর্তন করা হবে।
কর্মীদের ভাতা প্রদানে জেএএলের ৫০০ কোটি ইয়েন ব্যয় হচ্ছে। এ ভাতা প্রদানের মাধ্যমে বাসা থেকে কাজ করার
ক্ষেত্রে যোগাযোগমাধ্যমে কর্মীদের যে ব্যয় হচ্ছে, তা মেটাতে সহায়তা করবে বলেও আশা করা হচ্ছে।
গত মার্চ থেকেই কর্মীদের বাসা থেকে কাজ করতে উৎসাহিত করে যাচ্ছে জেএএল। ২০২০ সালের প্রথম প্রান্তিকে জেএএল নিট লোকসান গুনেছে ২ হাজার ৯৯০ কোটি ইয়েন।
মহামারীর ফলে ভ্রমণের চাহিদা হ্রাসে মন্দার সামনে দাঁড়ানো জেএএল শুক্রবার জানায়, ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ৫০ হাজার কোটি ইয়েন সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে কোম্পানিটি।
অন্যান্য এয়ারলাইনসের মতো জেএএলও উল্লেখযোগ্যভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে এনেছে। অভ্যন্তরীণ ফ্লাইটে সরকারি বিধিনিষেধ শিথিলে চলতি মাসে যাত্রী সংখ্যা বাড়বে বলে আশা করছে জেএএল।