মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনে তিন সেনা কর্মকর্তা দোষী সাব্যস্ত

মিয়ানমারের সামরিক আদালতে রোহিঙ্গা নির্যাতনের দায়ে দেশটির তিন সেনা কর্মকর্তা দোষী সাব্যস্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার মিয়ানমারের সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই তিন কর্মকর্তার নাম-পদবি, তাঁদের অপরাধের ধরন কিংবা শাস্তির বিষয়ে কিছুই জানানো হয়নি।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, রাখাইনের অনেক গ্রামে নৃশংস হত্যাযজ্ঞ চালায় মিয়ানমারের সেনাবাহিনী। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা ২০১৭ সালে বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গা নারীদের ধর্ষণের পাশাপাশি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাদের ঘরবাড়ি। মানবাধিকার সংগঠনগুলোর মতে, গু দার পাইনসহ কয়েকটি গ্রামে অন্তত পাঁচটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। প্রাণে বেঁচে ফেরা রোহিঙ্গাদের তথ্য অনুযায়ী, এসব গণকবরে শত শত রোহিঙ্গাকে হত্যার পর পুঁতে ফেলে সেনা সদস্যরা।

শুরুতে এসব অভিযোগ অস্বীকার করে মিয়ানমারের সেনাবাহিনী। গত সেপ্টেম্বরে কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে অভিযোগের তদন্ত শুরু করে তারা। সেই সঙ্গে স্বীকার করে, রাখাইনের গ্রামগুলোতে সেনাসদস্যরা যথাযথ নির্দেশনা মেনে চলেনি।

গতকাল মিয়ানমার সেনাবাহিনীর ‘কমান্ডার ইন চিফ’ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় তিন কর্মকর্তা দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাঁদের শাস্তি দেওয়া হয়েছে। তবে বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য ছিল না।

মানবাধিকার সংগঠন ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ মিয়ানমারের সামরিক আদালতের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। সংগঠনটির সদস্য মিং উ হা বলেন, ‘এ ধরনের বিচারব্যবস্থায় অনেক কিছুই গোপন থাকে। বিচারের ক্ষেত্রে স্বাধীনতাও থাকে না। তাই সামরিক আদালতের বিচারের মাধ্যমে সেনাবাহিনী কখনোই দায়মুক্তি পেতে পারে না।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.