স্বর্ণ পাচারের ট্রানজিট রুট বাংলাদেশ

অনুমোদন না থাকলেও প্রতি বছর প্রচুর পরিমাণ স্বর্ণ ও অলংকার অবৈধভাবে আমদানি হচ্ছে বাংলাদেশে।
গত ছয় বছরে (২০১৪ থেকে ২০১৯ সাল) এর পরিমাণ ছিল তিন লাখ ৬২ হাজার ১৬০ কেজি বা তিন কোটি

১০ লাখ ৫৪ হাজার ৯১৯ ভরি।
আর এজন্য ব্যয় হয় প্রায় ৪৪২ কোটি ১৯ লাখ ডলার বা ৩৭ হাজার ৫৮৬ কোটি টাকা। যদিও বাংলাদেশে স্বর্ণ

আমদানি এত দিন নিষিদ্ধ ছিল।
এছাড়া স্বর্ণ আমদানির কোনো তথ্যও নেই সংশ্লিষ্ট কোনো সংস্থার কাছে।

এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ স্বর্ণের বাজার অবৈধ আমদানির ১০০ ভাগের এক ভাগও নয়।
ফলে অবৈধভাবে আমদানি করা স্বর্ণের প্রায় পুরোটাই পাচার হয়ে গেছে, যার অন্যতম গন্তব্য ভারত।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বেশকিছু গবেষণা ও বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার তথা চোরাচালানের বিষয়টি বিভিন্ন সময়ে উঠে এসেছে।
এর কারণ হচ্ছে, ভারতে স্বর্ণ আমদানি বৈধ হলেও দিতে হয় উচ্চ শুল্ক। ফলে শুল্ক ফাঁকি দিতে বাংলাদেশকে স্বর্ণ চোরাচালানের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হয়।

সূত্রমতে, বর্তমানে ভারতে স্বর্ণ আমদানিতে সাড়ে ১২ শতাংশ শুল্ক দিতে হয়। এছাড়া বৈধভাবে স্বর্ণ বিক্রিতে

পরিশোধ করতে হয় আরও তিন শতাংশ জিএসটি (জেনারেল সেলস ট্যাক্স)। ফলে দেশটিতে বৈধভাবে স্বর্ণ আমদানি

করে বিক্রি করতে গেলে সব মিলিয়ে সাড়ে ১৫ শতাংশ শুল্ক পরিশোধ করতে হয়। এতে স্বর্ণের দাম বেড়ে যায়।

এছাড়া কয়েক বছর ধরে বিশ্ববাজারে স্বর্ণের দামও ঊর্ধ্বমুখী। ফলে দেশটির ক্রেতাদের কাছে কিছুটা ছাড়ে স্বর্ণ ও অলংকার বিক্রি করতে বাংলাদেশকে ব্যবহার করছে ভারত।

এ বিষয়ে ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমসে গত বছর ১২ ডিসেম্বর ‘স্বর্ণ চোরাকারবারিদের কাছে নতুন

জনপ্রিয় রুট মিয়ানমার, বাংলাদেশ’  শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ভারতের ব্যবসায়ী সংগঠন বিভিন্ন সময় হিসাব করে

দেখেছে, দেশটিতে বছরে ১০০ থেকে ১২০ টন (৮৫ লাখ ৭৩ হাজার ৫২৬ থেকে এক কোটি দুই লাখ ৮৮ হাজার

২৩১ ভরি) স্বর্ণ চোরাচালান হয়।
এর মধ্যে বিভিন্ন দেশ থেকে যাত্রীদের চোরাচালান করে আনা স্বর্ণও আছে বলে জানান ভারতের বুলিন অ্যান্ড

জুয়েলার্স অ্যাসোসিয়েশনের জাতীয় মহাসচিব।
ফলে ভারতে স্বর্ণ চোরাচালানের প্রকৃত পরিমাণ বের করা কঠিন বলে মনে করেন তিনি।

ভারতের রাজস্ব গোয়ান্দা অধিদপ্তরের (ডিআরআই) কর্মকর্তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ ধরনের আরও অনেক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যমে। এছাড়া সিএনএন-নিউজ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়, দুবাই-ভারত স্বর্ণ চোরাচালানের অন্যতম রুট বাংলাদেশ।
এ স্বর্ণ কলকাতা স্বর্ণ হাব বউবাজার ও বুরাবাজারে যায়। সেখানে এ স্বর্ণ অলংকারে পরিণত হয়। পরে তা বিশ্বের বিভিন্ন দেশে আবার পাচার হয়।

আন্তর্জাতিক স্বর্ণ বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম লন্ডনভিত্তিক ‘নিউজ ডট গোল্ডকোর ডট কম’ গত ৭ মে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়,  ভারতে স্বর্ণ চোরাচালানের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহƒত হচ্ছে বাংলাদেশ।

এদিকে চার বছর অনুসন্ধানের পর গত মার্চে বাংলাদেশের একটি স্বর্ণ চোরাচালানকারী চক্রকে গ্রেপ্তার করে সিআইডি।
ওই চক্রটি ভারত ও মিয়ানমারে স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া চক্রটির ২৪০ কোটি টাকার অবৈধ ব্যাংক লেনদেনের তথ্যও পায় সিআইডি।

জাতিসংঘের বাণিজ্যবিষয়ক পরিসংখ্যান ‘ইউএন কমট্রেড’-এর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ছয় বছরে বাংলাদেশে অবৈধভাবে অলংকার আমদানির পরিমাণ ছিল এক লাখ ৮২ হাজার ৪৬৫ কেজি বা এক কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৬৮৪ ভরি। আর এ আমদানির বড় অংশই সিঙ্গাপুর ও আরব আমিরাত থেকে এসেছে। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকেও চোরাচালান হয়ে কিছু অলংকার এসেছে। এজন্য ব্যয় হয় প্রায় ১৮৬ কোটি ৪০ লাখ ডলার।

এছাড়া ছয় বছরে স্বর্ণের বারের অবৈধ পরিমাণ ছিল এক লাখ ৭৯ হাজার ৬৯৫ কেজি বা এক কোটি ৫৪ লাখ ১১ হাজার ২৩৫ ভরি। পাশাপাশি প্রচুর পরিমাণে গোল্ড পাউডার, অপরিশোধিত ও অর্ধ পরিশোধিত (তরল) স্বর্ণ আমদানি অবৈধভাবে হচ্ছে। এতে ব্যয় হয়েছে প্রায় ২৫৫ কোটি ৭৯ লাখ ডলার।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) তথ্যমতে, দেশে ছয় বছরে স্বর্ণের বিক্রির সঠিক কোনো তথ্য নেই। তবে বছরে মোটামুটি এক থেকে দেড় হাজার ভরি অলংকার বিক্রি হয়ে থাকে। এতে ছয় বছরে সর্বোচ্চ ৯-১০ হাজার ভরি অলংকার বিক্রি হতে পারে। তবে ছয় বছরে তিন কোটি ১০ লাখ ৫৪ হাজার ৯১৯ ভরি স্বর্ণ ও অলংকারের এক শতাংশও (তিন লাখ ভরি) দেশে বিক্রির সুযোগ নেই। কারণ এত অলংকারের চাহিদাই নেই। এছাড়া দেশের স্বর্ণের বড় অংশই পূরণ করা হয় গ্রাহকদের কাছ থেকে কেনা পুরো স্বর্ণ দ্বারা। ফলে নতুন স্বর্ণ ব্যবহারের পরিমাণ খুবই কম।

এদিকে বাংলাদেশে অবৈধভাবে আমদানি করা স্বর্ণের বড় অংশই ভারতে পাচার হয়ে গেছে বলে মনে করেন স্বর্ণ চোরাচালান-বিষয়ক আন্তর্জাতিক গবেষক গ্লোবাল ইনিশিয়েটিভের সিনিয়র অ্যানালিস্ট মার্সেনা হান্টার। ‘দুবাই’স রোল ইন ফ্যাসিলিটিং করাপশন অ্যান্ড গ্লোবাল ইলিসিট ফিন্যান্সিয়াল ফ্লোস’ শীর্ষক প্রতিবেদনের অন্যতম এ প্রণেতা এক ই-মেইল বার্তায় শেয়ার বিজকে জানান, ‘দুবাই থেকে ভারতে স্বর্ণ চোলাচারানের মাত্রা অনেক বেশি। সম্প্রতি আমার এক সহকর্মীর সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণে দেখা যায়, আরব আমিরাত থেকে স্বর্ণ বাংলাদেশ হয়ে ভারতে চোরাচালান হয়।’

যদিও এ চোরাচালানের পেছনে কার ভূমিকা রয়েছে, তা নিশ্চিত করতে পারেননি মার্সেনা হান্টার। তিনি বলেন, ‘যথাযথ প্রমাণ না থাকায় এর পেছনে বিমানবন্দর সংশ্লিষ্টদের দুর্নীতি জড়িত কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.