স্পেনের রাজধানী মাদ্রিদে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণসহ বিভিন্ন দাবি নিয়ে ২৩ দিন পর আবারও বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি মাদ্রিদের বনকো দে ইস্পানিয়া থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট খ্যাত সোলে গিয়ে শেষ হয়।
পূর্বঘোষিত সময় অনুযায়ী রোববার (১৯ জুলাই) বিকেলে ব্যানার ও ফেস্টুন হাতে দলে দলে লোকসমাগম হতে থাকে।
হাজারও মানুষের অংশগ্রহণ আর স্লোগানে মুখরিত হয় বনকো দে ইস্পানিয়া।
বিক্ষোভকারীরা ‘সবাইকে নিয়মিত করা হোক, আমরা যারা নিয়মিত, আমাদের যাদের কাগজ আছে, তারাও একাত্মতা প্রকাশ করছি সবাইকে নিয়মিত করা হোক’ স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে অন্য দেশের অভিবাসীদের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সংগঠন বাংলাদেশ আসোসিয়েশন ইন স্পেন,
বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলাসহ বিভিন্ন দেশি ও স্প্যানিশ মানবাধিকার সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার অভিবাসী অংশ নেন।
সমাবেশ শেষে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ-সভাপতি আলামীন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী, বাংলাদেশ আসোসিয়েশন ইন স্পেনের ক্রীড়া সম্পাদক সায়েক মিয়া, সদস্য আব্দুল মজিদ সুজন, বদরুল হক মিল্লাত, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, কমিউনিটি নেতা জাহাঙ্গীর আলম ইব্রাহীম, জাহিদ হাসান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- মো. হাবীব, জুলহাস উদ্দীন, আল আমীম পালওয়ান, ইমন আসাদ, মানিক আহমদ, মুজিবুর রহমান, শাহ আলম প্রমুখ।
বক্তারা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এছাড়াও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনায় বাংলাদেশি মানবাধিকারকর্মী কামরুল মেহামদের নেতৃত্বে কয়েকশো বাংলাদেশিসহ দেশটির ১৯টি শহরে একযোগে ৪২৯টি বিভিন্ন দেশি ও স্প্যানিশ মানবাধিকার সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এই আন্দোলনে একাত্মতা গোষণা করে।