জার্মানি থেকে ১২ হাজার সৈন্য প্রত্যাহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তের পর জার্মানি থেকে প্রায় ১২ হাজার সৈন্য প্রত্যাহার করে নেয়ার পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
তবে রাশিয়ার সঙ্গে উত্তেজনা মোকাবিলায় এই সৈন্যদের অর্ধেক ইউরোপে মোতায়েন থাকবে।

বুধবার পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এক সংবাদ ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

গত মাসে জার্মানিতে থাকা ৩৬ হাজার মার্কিন সৈন্যের শক্তিশালী বহর ২৫ হাজারে কমিয়ে আনতে নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প।
ওই সময় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাণিজ্য সুবিধা নেয়ার অভিযোগে ঘনিষ্ঠ মিত্র জার্মানির বিষোদগার করেন তিনি।

যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, জার্মানিতে সৈন্য সংখ্যা ২৫ হাজারে নামিয়ে আনতে প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশের পর সেখান থেকে ১১ হাজার ৯০০ সৈন্য প্রত্যাহার করে নেয়া হবে। এই সৈন্যদের মধ্যে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর একাধিক ইউনিট রয়েছে।

তবে জার্মানি থেকে প্রত্যাহার করে নেয়া সৈন্যদের কিছু কৃষ্ণ সাগরে এবং কিছু সৈন্য অস্থায়ীভাবে বাল্টিক অঞ্চলে মোতায়েন করা হবে বলে মন্তব্য করেছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

মার্ক এসপার বলেছেন, জার্মানি ছেড়ে যাওয়া অন্য সৈন্যদের স্থায়ীভাবে ইতালিতে সরিয়ে নেয়া হবে।
এছাড়া মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় প্রধান কার্যালয় জার্মানির স্টাটগার্ট থেকে বেলজিয়ামে স্থানান্তর করা হবে।
জার্মানি থেকে সরিয়ে নেয়া সৈন্যদের মধ্যে প্রায় ৫ হাজার ৪০০ জনকে ইউরোপেই রাখা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তবে এই সৈন্যদের বেশিরভাগই থাকবেন ইউরোপের মার্কিন সামরিক ঘাঁটিতে।
জার্মানি থেকে ফিরিয়ে নেয়া সৈন্যদের সাময়িক সময়ের জন্য পরিবার ছাড়া ইউরোপে মোতায়েনের পরকিল্পনাও রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.