লেবাননে কারাবন্দি প্রবাসীদের পাঠানোর মধ্য দিয়ে ফ্লাইট শুরু হচ্ছে

লেবাননে নারী-পুরুষ মিলে বর্তমানে এক লাখ ষাট হাজারের অধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। কারণে-অকারণে, বৈধ বা অবৈধ নারী- পুরুষ সাজাপ্রাপ্ত বা বিচারাধীন এবং লেবানন মানবাধিকার সংগঠন কেডিটাচের অধীনে শিশু-নারী ৪ জনসহ লেবানন কারাগারে আটক রয়েছেন ৮৯ জন প্রবাসী বাংলাদেশি।

২ আগস্ট থেকে আটক প্রবাসীদের দেশে প্রেরণের মধ্য দিয়ে ফ্লাইট শুরু হতে যাচ্ছে বলে জানান লেবানন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, লেবানন সরকারের বিভিন্ন জায়গায় অনেক দেন-দরবার করে অবশেষে দূতাবাসের সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে আগামী ২ আগস্ট থেকে ৩ আগস্ট ডিটেনশন সেন্টারে আটককৃতদের দেশে প্রেরণ করা হবে।

এছাড়াও সেপ্টেম্বরে কাগজপত্রহীন প্রবাসীদের এক বছরের জরিমানা ও বিমান টিকিটের টাকা পরিশোধ করে বিশেষ সুযোগে প্রায় সাড়ে সাত হাজার প্রবাসী দেশে ফিরতে নাম নিবন্ধন করেন।
তাদের মধ্য থেকে প্রায় দেড় হাজার প্রবাসী দেশে ফিরতে পারলেও করোনাভাইরাস সংক্রমণ ও বিমান চলাচল এবং ফ্লাইট বন্ধের কারণে ফিরতে না পারা প্রবাসীদেরও ৮ আগস্ট পর্যন্ত প্রেরণের কার্যক্রম চলবে বলে জানান।

তিনি আরও বলেন, এ সময়ে প্রাথমিকভাবে পাঁচ থেকে সাড়ে পাঁচশ’ প্রবাসী দেশে ফিরতে পারবেন। দূতাবাস থেকে যাদের মাঝে টিকিট বিতরণ করা হবে তারা করোনাভাইরাস টেস্ট করে ফলাফল নেগেটিভ হলে দেশে ফিরতে পারবেন। যাদের করোনাভাইরাস পজিটিভ আসবে তাদের পরবর্তীতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

এ সময়ে দেশে প্রেরণে কাতার এয়ারওয়েজের টিকিট বুকিং করা হয়েছে এবং বাকিদের প্রেরণের জন্য আরও টিকিট চাওয়া হয়েছে বলেও জানান।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, মহামারী করোনা সংক্রমণের কারণে সারাবিশ্বে লকডাউনসহ বিমানবন্দর, ফ্লাইটসহ জীবনযাত্রা প্রায়ই বন্ধ হয়ে আবার প্রাণ ফিরে পেতে যাচ্ছে।

দূতাবাস প্রবাসীদের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যাচ্ছে। লেবাননে করোনাভাইরাস সংক্রমণ প্রথমে কমসংখ্যক থাকলেও বর্তমানে তা বাড়তে থাকায় সব বাংলাদেশি প্রবাসীদের এখানকার নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.