পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের জীবনাবসান

ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সোমেন মিত্র মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে কলকাতার বেসরকারি হাসপাতাল বেলভিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ১৭ জুলাই হৃদরোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েই করোনা পরীক্ষা করান তিনি। পরে পরীক্ষার ফল আসে নেগেটিভ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা ছিল। চিকিৎসকেরা তার শরীরে থাকা পুরোনো পেসমেকার বদলে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে এই ঝুঁকি না নিয়ে চিকিৎসকেরা তাঁর ডায়ালাইসিস করেন। পরে ওই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

সোমেন মিত্রের জন্ম যশোরে, ১৯৪১ সালে। কলকাতার শিয়ালদা বিধানসভা আসন থেকে বেশ কয়েকবার নির্বাচিত বিধায়ক ছিলেন তিনি এরপর তৃণমূল কংগ্রেসের যোগ দেবার পর দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ হয়েছিলেন ২০০৯ সালে। এরপর তৃণমূল থেকে আবারো কংগ্রেসে ফিরে আসেন। এরপর ২০১৮ সালে আবার তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে মনোনীত হন। এর আগেও টানা প্রায় এক দশক প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বর্ষীয়ান এই নেতা।

মৃত্যুকালে তিনি স্ত্রী শিখা মিত্র ও একমাত্র ছেলে রোহন মিত্রসহ বহু আত্মীয়-পরিজন ও গুণগ্রাহীকে রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং লোকসভায় কংগ্রেসের নেতা এবং বিরোধীদলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী সহ বিজেপি, বামপন্থী শীর্ষ নেতৃত্ব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.